নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর এলাকায় তিন বছরের শিশু আদিবা ইসলামকে হত্যার ঘটনায় প্রতিবেশী দম্পতি ছাবিনা আক্তার ও তাঁর স্বামী আলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার দায় স্বীকার করেছেন। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আদিবার বাবা আমিনুল হক (২৯) জীবিকার তাগিদে গাজীপুরের ওয়ালটন কোম্পানিতে চাকরি করেন। বাড়িতে মা শিরীন আক্তার (২৬) ও তিন বছরের মেয়ে আদিবা বসবাস করত।
গত ২৫ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মতো প্রতিবেশী আলিমের ছোট ছেলে আহসানের সঙ্গে খেলতে বের হয় আদিবা। সকাল সাড়ে ১০টার দিকে মেয়েকে খাবার খাওয়ানোর জন্য বাড়ির পাশের রাস্তায় গিয়ে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা শিরীন আক্তার। পরে পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাননি।
পরদিন ২৬ নভেম্বর ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটে প্রতিবেশী ফরমান আলী (৬৫) ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিজের সিএনজি রাখার ঘরের সামনে এবং আলিমের বসতঘরের পেছনে আদিবার রক্তাক্ত মরদেহ দেখতে পান। তাঁর চিৎকারে শিশুটির বাবা ও স্থানীয়রা ছুটে আসেন। শিশুটির কপাল, ঠোঁট ও নাকে আঘাতের চিহ্ন ছিল।
খবর পেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় শিশুটির বাবা আমিনুল হক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা করেন। ২৬ নভেম্বর দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলাটি রুজু হয়।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় তদন্ত শুরু হয়। তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও স্থানীয় সূত্রের মাধ্যমে অনুসন্ধানের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে প্রতিবেশী ছাবিনা আক্তার (৩৪) ও তাঁর স্বামী আলিমকে (৩৬) হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার কথা স্বীকার করেন বলে দাবি পুলিশের।
পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ গুম করার কাজে ব্যবহৃত একটি লুঙ্গি ও একটি টিনের চালের ড্রাম উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তার দুজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তিন বছরের শিশু আদিবার এমন মর্মান্তিক মৃত্যুতে গোসাই জোয়াইরসহ আশপাশের এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিবেশীর বিরুদ্ধে এমন হত্যার অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
