নিজস্ব প্রতিনিধি: পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন না থাকায় টাঙ্গাইল বিসিক শিল্পনগরীতে এইচ আর পি মেটাল (পূর্বের নাম ব্রাদার্স মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড) প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ নভেম্বর) টাঙ্গাইল জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের পরিদর্শক মো. নুরুল আমিন প্রধান। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পালসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন টাঙ্গাইল জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ জানায়, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে টাঙ্গাইল জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
