টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলার আসামি ১২ ঘণ্টায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত মো. বিপ্লবকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে টাঙ্গাইল শহরের কলেজপাড়া পার্ক বাজার মোড়ের গৌর ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিপ্লব টাঙ্গাইল সদর উপজেলার পূর্বআদালতপাড়া (চৌধুরী বাজার) এলাকার আব্দুল করিমের ছেলে।

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, ঘটনার পর থেকেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিল। রোববার বেলা ১২টার দিকে পুলিশের সোর্স প্রথমে বিপ্লবকে শনাক্ত করে আটক করেন। এ সময় তিনি হাত কামড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, মামলার পর পুলিশের দ্রুত পদক্ষেপে ১২ ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনে শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগ, এ সময় শিশুটি বাধা দিলে অভিযুক্ত ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করেন। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে এক রিকশাচালক তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শনিবার রাতে বিপ্লবের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারাসহ দণ্ডবিধির ৩২৩, ৩২৪, ৩২৫ ও ৩০৭ ধারায় মামলাটি করা হয়েছে। মামলার নম্বর ৬৬।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর