নিজস্ব প্রতিনিধি: সারা দেশে পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তালিকা অনুযায়ী, টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে চার ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে জেলায় শুরু হবে ইউপি নির্বাচন।
ইসি ঘোষিত নির্বাচনী রোডম্যাপ ও তালিকা অনুযায়ী, টাঙ্গাইলের উপজেলাভিত্তিক নির্বাচনের ধাপ ও ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি টাঙ্গাইল সদর উপজেলার ৮টি, দেলদুয়ার উপজেলার ৮টি এবং নাগরপুর উপজেলার ১১টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ভূঞাপুর উপজেলার ৬টি, গোপালপুর উপজেলার ৫টি এবং কালিহাতী উপজেলার ১০টি ইউনিয়নে ভোট হবে।
তৃতীয় ধাপে ২৯ এপ্রিল বাসাইল উপজেলার ৬টি, মির্জাপুর উপজেলার ১৪টি এবং সখীপুর উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
চতুর্থ ধাপে ১৩ মে মধুপুর উপজেলার ৯টি, ধনবাড়ী উপজেলার ৭টি এবং ঘাটাইল উপজেলার ৮টি ইউনিয়নে ভোট হবে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, পঞ্চম ধাপে আগামী ২৭ মে টাঙ্গাইল জেলার কোনো ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের সূচি রাখা হয়নি।
প্রথম ধাপের নির্বাচন সামনে রেখে জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে বিস্তারিত নির্বাচনী তফসিল ঘোষণা করবেন।
