মো: মনির মন্ডল, নিজস্ব প্রতিনিধি, সাভার : সাভারের আশুলিয়ায় ঠিকাদারের কাছে দাবীকৃতহ চাঁদা না পেয়ে ওই ঠিকাদারের নিয়োগকৃত নির্মাণ শ্রমিকদের বেধরক পিটুনী দিয়েছে চাঁদবাজরা। চাঁদাবাজদের পিটুনীতে আহত হয়েছেন ৫জন নির্মাণ শ্রমিক। আহতদের মধ্যে শাহজাহান ও ইব্রাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার আশুলিয়া থানায় ৪চাঁদাবাজের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৮/৯জনকে আসামী করে রুবেল ইসলাম নামের ওই ঠিকাদার একটি মামলা (নং-৪) দায়ের করেন। এরআগে রবিবার বিকেলে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার সার্জেন্ট মঞ্জুরুল ইসলামের নির্মাণাধীন বাড়িতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
মামলার এজাহার থেকে জানা যায়, কিছুদিন আগে আশুলিয়ার দক্ষিণ বাইপাল এলাকার শ্রী বাদল ও সার্জেন্ট মঞ্জুরুল ইসলামদ্বয়ের বাড়ি নির্মাণের জন্য কাজ পায় ঠিকাদার রুবেল ইসলাম। কাজ পাওয়ার পর থেকেই স্থানীয় নুরু মিয়ার ছেলে রাব্বি (২৫), মৃত. মোতালেবের ছেলে সাইদুল মিয়া (২৭), আবু সাইদ (৪০) এবং হাবীবের ছেলে রায়হান (২০) ২লাখ টাকা চাঁদা দাবী করে। তাদের দাবীকৃত চাঁদার টাকা না দিলে কাজ করতে দিবে না এবং নির্মাণ শ্রমিকদেরও নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিল। এরই জের ধরে রবিবার বিকেল ৪টার দিকে বাইপাইল দক্ষিণপাড়ায় কাজ করার সময় উক্ত সন্ত্রাসীরা চাঁদার দাবী নিয়ে আসে। এসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কর্মরত নির্মাণ শ্রমিকদের উপর দেশীয় অস্ত্রস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় কর্মরত ৫জন শ্রমিককে বেধরক পিটুনী দেয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে চাঁদাবাজরা পালিয়ে যায়। এসময় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে শ্রমিক শাহজাহান ও ইব্রাহিমকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় ৪ চাঁদাবাজের নাম উল্লেখ এবং ৮/৯জনকে অজ্ঞাতনামা আসামী করে আশুলিয়া থানায় একটি মামলা (নং-৪) দায়ের করেন ঠিকাদার রুবেল ইসলাম।
এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজর আলী জানান, ঘটনায় মামলা হয়েছে। আসামীদের ধরতে চেষ্টা চলছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।