নিউজ ডেস্ক: বাগেরহাটের শরণখোলায় কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগে ষাট বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটে। অভিযুক্ত বৃদ্ধকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
শরণখোলা থানা পুলিশ মামলার এজাহারের বরাত দিয়ে জানায়, গতকাল শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের রহমান হাওলাদারের বাড়ীর পিছনে নির্জন ফাঁকা জায়গায় ১৬ বছর বয়সী কিশোরীকে একা পেয়ে দক্ষিণ রাজাপুর গ্রামের আ. সাত্তার আকনের পুত্র আনসার আলী আকন (৬০) কিশোরীকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়।
এ সময় কিশোরীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে লম্পট আনসার আলী দৌড়ে পালিয়ে যায়।
পরে কিশোরীর পিতা শহিদুল হাওলাদার শুক্রবার সন্ধ্যায় আনসার আলীকে আসামী করে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করে। ঐ রাতেই অভিযান চালিয়ে পুলিশ দক্ষিণ রাজাপুর গ্রাম থেকে আসামী আনসার আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, কিশোরীর পিতার অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রেকর্ড করা হয়। ভিকটিমকে শনিবার বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে এলাকায় এধরণের আরো অভিযোগ রয়েছে বলে থানার ওসি জানান।
