টানা দ্বিতীয়বার জুনিয়র হকি বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে চীনে গিয়েছিল বাংলাদেশ। সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে জাপানের বিপক্ষে দরকার ছিল একটি জয়। কিন্তু গুরুত্বপূর্ণ সেই ম্যাচেই বড় হার দেখল লাল-সবুজের যুবারা। জাপানের কাছে ৬-২ গোলে হেরে এবার বিশ্বকাপে যাওয়া হচ্ছে না বাংলাদেশের।
শুক্রবার চীনের মোকিতে জুনিয়র এশিয়া কাপের পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ তৈরি করে জাপান।
প্রথম কোয়ার্টারেই ১-০ গোলে এগিয়ে যায় জাপান। এরপর সময় যত গড়িয়েছে, ম্যাচের নিয়ন্ত্রণ ততটাই নিজেদের হাতে নিয়েছে তারা। একপর্যায়ে ব্যবধান দাঁড়ায় ৪-০।
পিছিয়ে পড়েও চেষ্টা ছাড়েনি বাংলাদেশ। দুই গোল ফিরিয়েও দেয় তারা। তবে ততক্ষণে ম্যাচ অনেকটাই হাতছাড়া। শেষ পর্যন্ত আরও দুই গোল করে ৬-২ ব্যবধানের জয় নিশ্চিত করে জাপান।
এই ম্যাচটি বাংলাদেশের জন্য কার্যত ছিল বিশ্বকাপ বাছাইয়ের ফাইনাল। জুনিয়র এশিয়া কাপের শীর্ষ ছয় দল আগামী বছরের জুনিয়র বিশ্বকাপে জায়গা পাবে। জাপানকে হারাতে পারলে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে উঠে অন্তত ষষ্ঠ স্থান নিশ্চিত করার সুযোগ পেত বাংলাদেশ।
সেই সুযোগ হারিয়ে এখন সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে মওদুদুর রহমান শুভর দলকে।
এবারের আসরে শুরু থেকেই ছন্দ খুঁজে পেতে সংগ্রাম করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলে হার দিয়ে শুরু। এরপর মালয়েশিয়ার কাছে হারে ৪-২ ব্যবধানে।
তৃতীয় ম্যাচে কাজাখস্তানকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ। কিন্তু গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৩-০ গোলে হেরে চতুর্থ হয় তারা। ফলে বিশ্বকাপের টিকিট পেতে জাপানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারানোর কঠিন সমীকরণ সামনে আসে।শেষ পর্যন্ত সেই বাধা আর পেরোনো হলো না।
হতাশাটা আরও বেশি, কারণ মাত্র এক বছর আগেই ইতিহাস গড়েছিল বাংলাদেশের এই বয়সভিত্তিক দল। ২০২৪ জুনিয়র এশিয়া কাপে পঞ্চম হয়ে প্রথমবারের মতো ২০২৫ জুনিয়র বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ।
ভারতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে অস্ট্রিয়া, ওমান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে স্মরণীয় পারফরম্যান্সের পর ১৭তম হয়ে চ্যালেঞ্জার ট্রফিও জিতেছিল লাল-সবুজরা।
এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে আরেকটি বিশ্বকাপে যাওয়ার লক্ষ্য ছিল। কিন্তু এশিয়া কাপের পাঁচ ম্যাচে চার হারেই থেমে গেল সেই স্বপ্ন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।