মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল শাড়ি নিয়ে ভারতের দাবির প্রতিবাদ বিএনপির

টাঙ্গাইল শাড়ি নিয়ে ভারতের দাবির প্রতিবাদ বিএনপির

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শাড়ির ভৌগলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি ভারত সরকার নেওয়ায় প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে টাঙ্গাইল জেলা বিএনপি।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা উল্লেখ করেন, ভারতের আধিপত্যবাদের থাবায় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। এরই ধারাবাহিকতায় হাজার বছরের ঐতিহ্য টাঙ্গাইল শাড়ির ভৌগলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি ভারতের পশ্চিমবঙ্গ সরকার নেওয়ায় জেলা বিএনপি প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছে।

ভারত এই অঞ্চলে তাদের অবৈধ কর্তৃত্বের মাধ্যমে অর্থনৈতিক, শিক্ষা ও সংস্কৃতির সবকিছুই তাদের করায়াত্ত্ব করার হীন চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই নতজানু সরকার নির্বিকারভাবে ভারতের সব আবদার পূরণ করার মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করার অপচেষ্টায় লিপ্ত আছে। দেশের সাধারণ মানুষ এ অপচেষ্টা রুখে দেবে।

টাঙ্গাইল শাড়ির উৎপত্তি বাংলাদেশে নয়, ভারতের পশ্চিমবঙ্গে বলে সম্প্রতি দাবি করেছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়। গত ২ জানুয়ারি নিজেদের জিওগ্র্যাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই পণ্য হিসেবেও এ শাড়িকে স্বীকৃতি দিয়েছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।

ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে গত বৃহস্পতিবার করা এক পোস্টে বলা হয়েছে, ‘‌টাঙ্গাইল শাড়ি পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত। এটি ঐতিহ্যবাহী হাতে বোনা মাস্টারপিস। এর মিহি গঠন, বৈচিত্র্যময় রঙ এবং সূক্ষ্ম জামদানি মোটিফের জন্য বিখ্যাত।

এটি এ অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। টাঙ্গাইলের প্রতিটি শাড়ি ঐতিহ্য ও সমৃদ্ধ সৌন্দর্যের মেলবন্ধনে দক্ষ কারুকার্যের নিদর্শন।’ ভারতের ওই দাবির পর টাঙ্গাইলসহ সারাদেশে তীব্র ক্ষোভ দেখা দেয়। টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে ভারতের এমন দাবির বিষয়ে ক্ষোভ জানানো হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular