নিউজ টাঙ্গাইল ডেস্ক: সড়ক পরিবহণ আইন ২০১৮ সংশোধনসহ ১০ দফা দাবিতে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার প্রায় আড়াই হাজার বাস ও ট্রাক শ্রমিকরা স্বেচ্ছায় কর্মবিরতি পালন করছে। বন্ধ রয়েছে গোপালপুরের দ্রুতগামী সিটিং সার্ভিসের ১৪৩টি বাসসহ প্রায় ১০০ ট্রাকের চাকা। গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) থেকে টাঙ্গাইলের গোপালপুরে পরিবহন শ্রমিকরা ধর্মঘট শুরু করে, দ্বিতীয় দিনের মতো আজকেও তা চলছে।
এদিকে, নতুন সড়ক পরিবহন আইনের প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে আজ বুধবার তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে গাড়ি বন্ধ রেখেছে শ্রমিকরা। এ সময় ভ্যান-রিকশাসহ সকল প্রকার যান চলাচলে বাধা প্রদান করে তারা। আজ সকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি ইলিয়াস কাঞ্চনের কুশপুত্তলিকায় জুতার মালা পড়িয়ে আগুন দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে পরিবহণ শ্রমিকরা।
এতে চরম ভোগান্তি পোহাচ্ছে গোপালপুর ও ভুঞাপুরের যাত্রী সাধারণ। মালামাল সরবরাহ করতে না পারায় বিপাকে পড়েছে ব্যবসায়ীরা।
এছারা পরিবহন শ্রমিকদের অঘোষিত ধর্মঘটে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক পরিবহন শূন্য। উত্তর ও দক্ষিণবঙ্গ ছাড়াও টাঙ্গাইল হতে জামালপুর-ময়মনসিংহসহ বিভিন্ন রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে আজ বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে।
জানা গেছে, নতুন সড়ক আইন ১ নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও দুই সপ্তাহ ধরে আইন নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কর্তৃপক্ষ। এর ফলে দুই সপ্তাহ শিথিল ছিল নতুন আইনের কার্যকারিতা। পরে গত সোমবার থেকে আইন কার্যকর হওয়ার পর অঘোষিত কর্মবিরতি পালন করছেন করছেন শ্রমিকরা।
এ পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ বুধবার রাতে বৈঠকে বসছেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান বৈঠকের কথা নিশ্চিত করে বলেন, রাত আটটা থেকে ১০টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় এ বৈঠক হবে। বৈঠকে যোগ দিতে বাইরে থাকা সংগঠনের নেতারা ঢাকায় আসছেন।
