নিউজ টাঙ্গাইল ডেস্ক: ভালোবেসে পরিবারের সিদ্ধান্তের বাইরে প্রায় ৮মাস আগে কোর্ট ম্যারেজ করে বিয়ে করেছিলো তৃষ্ণা (১৯)। ঘর বেঁধেছিলো উপজেলার বানাইল ইউনিয়নের বাংগলা গ্রামের নেপাল সরকারের ছেলে প্রকাশ সরকারের সাথে। কিন্তু বিয়ের মাত্র ৮ মাসের মাথায়ই স্বামীর ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলো তৃষ্ণার লাশ।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের বাংগলা গ্রামে ঘটে এই ঘটনা।
জানা যায়, তৃষ্ণা উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ী এলাকার সদু মন্ডলের পালিত মেয়ে। অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় তৃষ্ণা প্রকাশ নামের ওই ছেলের সাথে প্রেমে জড়িয়ে পড়ে এবং পরবর্তীতে গত বছর কোর্ট ম্যারেজ করে। এক পর্যায়ে উভয় পরিবার তাদের বিয়ের বিষয়টি মেনেও নেয়।
স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান জানান, শুক্রবার সকালে রুটি ভাজার সময় সেগুলো পুড়ে যাচ্ছিল বলে স্বামী প্রকাশ তাকে তিরস্কার করে। এরপর তৃষ্ণা তার ঘরে গিয়ে এই আত্মহত্যার ঘটনা ঘটায় বলে তিনি জেনেছেন।
এদিকে, তৃষ্ণাকে মৃত অবস্থায় পাওয়ার পর তার পরিবারের সাথে বার বার যোগাযোগ করা হলেও কাউকে ঘটনাস্থলে আনতে পারছেন না বলে জানান ঘটনাস্থলে যাওয়া মির্জাপুর থানার উপ-পরিদর্শক দীপু সরকার। তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।
