বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে মন্দিরে দেবতার স্বর্ণালংকার চুরি

টাঙ্গাইলে মন্দিরে দেবতার স্বর্ণালংকার চুরি

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইল পৌর শহরের কালিপুর লোকনাথ মন্দিরে গভীর রাতে তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।

জানা যায়, সোমবার গভীর রাতে মন্দিরের ৬টি তালা ভেঙে মূল মন্দিরের ভেতর প্রবেশ করে দুর্বৃত্তরা। দেবতার দুটি চূড়া, গলার চেইন, টিপ, তুলসী পাতা ও কানের দুলসহ প্রায় এক ভরি স্বর্ণালঙ্কার চুরি করা হয়েছে। এছাড়া মন্দিরের প্রাণামী বাক্সের তালা ভেঙে প্রায় দশ হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

জানা গেছে, এর আগেও এই মন্দির থেকে ৬টি সিসি ক্যামেরা, একটি মোটর, ফ্যানসহ একাধিক সরঞ্জামাদি চুরি হয়েছিল। স্বর্ণালংকার চুরি হওয়ায় ঘটনায় এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

লোকনাথ মন্দিরের সভাপতি প্রদীপ কুমার রায় জানান, গভীর রাতে কে বা কাহারা মন্দিরের তালা ভেঙে স্বর্ণালংকার চুরি করেছে সেটা আমরা বুঝতে পারছি না। এই ঘটনায় আমরা খুবই মর্মাহত এবং আতঙ্কিত। ইতোমধ্যেই পুলিশ আমাদের মন্দিরে এসে আমাদের কাছ থেকে ঘটনা সম্পর্কে শুনেছেন। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মন্দির কমিটির পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। দ্রুত এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, আমাদের অফিসার ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগের প্রেক্ষিতে আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular