মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলের মধুপুরে চার হত্যাকান্ডের কোন ক্লু পায়নি পুলিশ

টাঙ্গাইলের মধুপুরে চার হত্যাকান্ডের কোন ক্লু পায়নি পুলিশ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। কি কারণে একই পরিবারের চারজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা পুলিশ এখনও তার কোন ক্লু উদ্ধার করতে পারেনি।

এদিকে শনিবার রাতে ময়নাতদন্ত শেষে চারজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে ওই রাতেই জানাজা শেষে তাদের লাশ দাফন সম্পন্ন করেছে আত্মীয়স্বজনরা। মধুপুর থানার তদন্ত অফিসার ছানোয়ার হোসেনের উপস্থিতিতে নিহতদের গ্রামের বাড়ি মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের ঘোনাবাড়ীতে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পূর্ণ করা হয়।

মধুপুর পৌরসভার পশ্চিম মাস্টার পাড়া এলাকায় চাঞ্চল্যকর একই পরিবারের চারজনকে নির্মমভাবে হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় শুক্রবার রাত ১১টার দিকে নিহত গনি মিয়ার বড় মেয়ে সোনিয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামী করে মামলা দায়ের করেছেন।

এদিকে শুক্রবার রাতেই মধুপুর পৌরসভার মাস্টারবাড়ী এলাকার আবু তাহেরের ছেলে নিহত গনি মিয়ার শ্যালক জামাল, সালাম ও সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত একটি কুড়াল ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

মামলা তদন্ত করছেন মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন। এছাড়াও জেলা গোয়েন্দা পুলিশ, সিআইডি তদন্ত কাছে সহযোগিতা করছে। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষন করা হচ্ছে। আশা করছি দ্রুতই এই হত্যাকান্ডের রহস্য উন্মোচন হবে।

মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরান হোসেন জানান, নিহত গনি মিয়ার সুদের ব্যবসা ছিল। সুদের পাওনা টাকা নিয়ে বিরোধ, জমি সংক্রান্ত বিরোধ এবং কারো সাথে পুর্ব কোন শত্রুতা ছিল কিনা আমরা তা খতিয়ে দেখছি। হয়তো বড় ধরণের কোন বিরোধ থেকে এই নৃশংস খুনের ঘটনা ঘটেছে। আমরা সব বিষয় মাথায় নিয়েই তদন্ত করছি। আশা করছি খুব দ্রুতই আসামিদের গ্রেফতার করে এই হত্যাকান্ডের রহস্য উন্মোচিত করতে পারবো।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) সফিকুল ইসলাম সজিব বলেন, নিহত চারজনের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত শুক্রবার সকালে টাঙ্গাইলের মধুপুর পৌরসভার পশ্চিম মাস্টার পাড়া এলাকার নিহত গণি মিয়ার একতলা ভবন থেকে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করে পুলিশ। তাদের গলা কেটে ও মাথা থেতলে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহতরা হলো- গনি মিয়া (৪৫) ও তার স্ত্রী তাজিরন ওরফে বুচি (৩৭) তাদের কলেজ পড়–য়া ছেলে তাজেল (১৬) ও মেয়ে মাদ্রাসা শিক্ষার্থী সাদিয়া (৯)।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular