নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে মো. ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইউনুস মণ্ডল (২৫) মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিন ও নিহত ফুলমালা বেগমের ছেলে।
টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম রিপন জানান, ফুলমালা বেগম তাঁর ছোট ছেলে ইউনুস মণ্ডলের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। ইউনুস কৃষিকাজ করতেন। বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই তিনি মাকে গালিগালাজ করতেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ইউনুস তাঁর মাকে গালিগালাজ করেন। একপর্যায়ে ঘর থেকে বাঁশের লাঠি এনে মায়ের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ফুলমালা বেগমের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় হত্যা মামলা করেন। ঘটনার পরদিন পুলিশ ইউনুস মণ্ডলকে গ্রেপ্তার করে। পরে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠিটিও উদ্ধার করা হয়।
মামলার বিচার চলাকালে অভিযোগ গঠনের সময়ও ইউনুস আদালতে নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। সাক্ষ্য-প্রমাণ, ময়নাতদন্তের প্রতিবেদন ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে আদালত তাঁকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেন।
