নিউজ টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে মোটরসাইকেল দুর্ঘটনা অজ্ঞাত গাড়ির ধাক্কায় দৈনিক নয়া দিগন্তের অ্যাসিসটেন্ট ম্যানেজার (মার্কেটিং) মাসুদ রানা (৩৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৩০ জানুযারি) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার ধল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলযোগে বগুড়া থেকে ঢাকায় তার কর্মস্থলে যাচ্ছিলেন সে। ধল্লা ফ্লাইওভারের ওপর উঠলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান মাসুদ। পরে তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মির্জাপুর গােড়াই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মাসুদ রানার পকেট থেকে নয়া দিগন্তের ভিজিটিং কার্ড পাওয়া গেছে। পরে কার্ড দেখে তার অফিসে জানানোর পর তার পরিবারকেও খবর দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
