মো: পলাশ ইসলাম ,ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:সরকারের ভিশন ও মিশন বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, সিসি ক্যামেরা স্থাপন, বায়োমেট্রিক হাজিরা চালু এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টায় ধনবাড়ী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহান, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান মাসুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এবং প্রেসক্লাবের কার্যকরী সদস্য সাংবাদিক মো. পলাশ ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। দাপ্তরিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি সিসি ক্যামেরা ও বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে। শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ময়লা ফেলার ঝুড়ি (ডাস্টবিন) বিতরণ করেন।
মতবিনিময় সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়। পরে তিনি ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় রোগীদের খাবারের মান, চিকিৎসাসেবার গুণগত মান এবং হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। সেবার মান উন্নয়ন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
এ ছাড়া বিকেলে উপজেলা মিলনায়তনে নজরুল বর্ষের প্রতিযোগিতায় সেরা প্রতিযোগীদের হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক আবু সাঈদ।
