মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলপরকীয়ার বলি ঘাটাইলের আমিনা

পরকীয়ার বলি ঘাটাইলের আমিনা

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ ১৪ বছর আগে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বগাজান গ্রামের আমজাদ আলীর মেয়ে আমিনার (৩০) বিয়ে হয় কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পুটিয়া গ্রামের নওশের আলীর ছেলে সুলতানের (৩৫) সঙ্গে। গত শুক্রবার (২৩ জুলাই) পুটিয়া গ্রামে স্বামীর বসতবাড়ীর পাশে আমগাছ থেকে গৃহবধু আমিনার লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে আমিনার মা ও ভাই অভিযোগ তুলেছেন, পরকীয়ার কারণে সুলতান স্ত্রী আমিনাকে হত্যা করে লাশ আমগাছে ঝুলিয়ে রেখেছে।

সরেজমিনে জানা যায়, প্রায় ১৪ বছর আগে কালিহাতী উপজেলার পুটিয়া গ্রামের নওশের আলীর ছেলে সুলতানের সঙ্গে ঘাটাইল উপজেলার বগাজান গ্রামের আমজাদ আলীর মেয়ে আমিনার বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম হয়। সন্তান নিয়ে সুখেই চলছিল তাদের সংসার। সম্প্রতি সুলতান পরকিয়া প্রেমে আসক্ত হওয়ায় প্রতিনিয়ত তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। এ নিয়ে মাঝে মধ্যেই সুলতান তার স্ত্রী আমিনাকে মারধর করত।

নিহত আমিনার ভাই সাদিকুল ও মা সুফিয়া বেগম জানান, বেশ কিছুদিন যাবত সুলতানের সঙ্গে এক নারীর পরকিয়া চলছিল। এতে বিভিন্ন সময় আমিনা বাঁধা দেয়। এ কারণে প্রায়ই স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে সুলতান ও আমিনার সঙ্গে কলহের একপর্যায়ে বেধরক মারপিট করে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সুলতান ও তার স্বজনরা আমিনাকে গাছের ডালে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার করে।

তারা বলেন, স্থানীয় চেয়ারম্যান ঘটনাটিকে ভিন্ন পথে পরিচালনা করার চেষ্টা করছে। এ ব্যাপারে আমরা পুলিশের নিকট অভিযোগ করলেও ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান।

নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মাহমুদ জানান, সুলতান ও আমিনার মধ্যে রাতে ঝগড়া হয়। একপর্যায়ে আমিনা রাগের বশবর্তী হয়ে আত্মহত্যা করে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular