নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমানের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে বাসাইল বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলার প্রায় ৩ শাতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধা চানু খান বলেন, বাসাইল থানার বর্তমান ওসি মোস্তাফিজুর রহমানের বদলি আদেশ আমাদেরকে ব্যাথিত করেছে। তাঁরমতো ওসি বাসাইলে প্রয়োজন। আমি তার বদলি আদেশ প্রত্যাহারের জোর দাবি জানাই।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান রাজীব বলেন, ওসি মোস্তাফিজুর রহমান উপজেলায় অসংখ্য দিন মুজুর শ্রমিকসহ সর্বস্থরের সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। বাসাইলবাসী তার বদলি আদেশ প্রত্যাহার চায়।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, বাসাইল থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানের বদলি নিয়মিত বদলি। শনিবার বাসাইল থানায় নতুন ওসি যোগদান করবে বলেও তিনি জানান।
গত বছর ১ মার্চ ওসি মো. মোস্তাফিজুর রহমান বাসাইল থানায় যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বজায় রাখতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেন। এর ধারাবাহিকতায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। বর্তমানে এর সুফল পাচ্ছেন উপজেলার মানুষ।
