মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলবাসাইলের এক ব্যক্তি করোনায় আক্রান্ত; স্বজনদের নমুনা সংগ্রহ

বাসাইলের এক ব্যক্তি করোনায় আক্রান্ত; স্বজনদের নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইল উপজেলার ১নং ফুলকি ইউনিয়নের জশিহাটী গ্রামের আব্দুছ ছামাদ (৭০) নামের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের করোনা ইউনিটের পজিটিভ-১ ওয়ার্ডের ৪৮ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এদিকে শনিবার ( ৯ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিক্যাল টিম আক্রান্ত ব্যক্তির স্বজনদের মধ্যে ৭জনের নমুনা সংগ্রহ করেছে।

আক্রান্ত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল অসুস্থ অবস্থায় আব্দুছ ছামাদকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন চিকিৎসার পর কর্তৃপক্ষ ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে রেফার্ড করেন। গত ২৯ এপ্রিল ওই হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরের দিন ৩০ এপ্রিল তার করোনাভাইরাসের নমুনা পরীক্ষা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর ১ মে তার রিপোর্ট করোনা পজেটিভ আসে। এমতাবস্থায় আক্রান্ত আব্দুছ ছামাদকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে পজিটিভ-১, বেড নম্বর ৫৭ তে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আক্রান্ত ব্যক্তির ছেলে আনোয়ার হোসেন এ ব্যাপারে বলেন, ‘আমার ভাই-বোন ও আপন জনদের কেউ হাসপাতালে যেতে রাজি হয় না। এখন আল্লাহর উপর ভরসা করা ছাড়া কিছুই করার নেই।’

কুর্মিটোলা হাসপাতাল সূত্রে জানা যায়, আক্রান্ত রোগী ওঠে দাঁড়াতে পারে না, বিছানাতেই প্রপ্রাব- পায়খানা করে, খাবারও খেতে পারছেন না। রোগীর সাথে কোন আপন জন নেই। তাদের সাধ্যমতো সর্বোচ্চ সেবা দেবার চেষ্টা করছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান ওই ব্যক্তির করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যেহেতু আক্রান্ত ব্যক্তি ঢাকা থেকে নমুনা পরীক্ষা করে করোনা পজেটিভ এসেছে। তাই তিনি বাসাইলের বাসিন্দা হলেও শনাক্ত রোগীর তালিকায় বাসাইলের ওই ব্যক্তি কাউন্টে আসবে না।’

তিনি আরও বলেন, আক্রান্ত ব্যক্তির ছেলে, মেয়ে, মেয়ের জামাই ও দুই নাতি-নাতনীসহ ৭জনের নমুনা সংগ্রহ করেন। আক্রান্ত ব্যক্তির জশিহাটির বাড়ি ও আইসড়ার মেয়ের জামাই গিয়াস সরকারের বাড়ি লকডাউনে রয়েছে।

ওই ব্যক্তি কোথায় আক্রান্ত হয়েছেন এ বিষয়ে পর্যবেক্ষণ চলছে বলেও তিনি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, ‘অসুস্থ অবস্থায় ঢাকাতে গিয়ে নমুনা পরীক্ষা করে করোনা পজেটিভ পাওয়া গেছে। খবর পেয়ে আক্রান্ত ব্যক্তির বাড়ি ও তার সংস্পর্শে আসা স্বজনদের বাড়ি লকডাউন করা হয়েছে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular