অনলাইন ডেস্ক, টাঙ্গাইল: রিফাত শরীফের বাবা আ. হালিম দুলাল শরীফ বলেছেন, মিন্নির মতো মেয়ে যেন আর কারো ঘরে না জন্মায়। এ মেয়েটার জন্য দুইটা ছেলের জীবন অকালে ঝরে গেছে আরও ২৪টা ছেলের জীবন ঝুলছে। আমি এই মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড শাস্তি প্রত্যাশা করি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বরগুনা জেলা জজ আদালত চত্ত্বরে তিনি এসব কথা বলেন।
আ. হালিম দুলাল বলেন, এ ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি হোক আর যারা জড়িত না তারা মুক্তি পাক। তবে মিন্নির মতো মেয়ে যেন আর কারো ঘরে না জন্মায়। আমি প্রত্যাশা করি, মিন্নির যাবজ্জীবন কারাদণ্ড হোক। আমরা যেমন রিফাতের কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি। তার বাবা-মাও যেন কারাগারের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে।
উল্লেখ্য, বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা হবে আজ (৩০ সেপ্টেম্বর)। বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান এ রায় ঘোষণা করবেন।
এ মামলার অপ্রাপ্তবয়স্ক অন্য ১৪ আসামির বিরুদ্ধেও সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। গতকাল মঙ্গলবারই বরগুনা নারী ও শিশু আদালতে এই সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ হয়।
সূত্র: বিডি২৪লাইভ ডটকম।
