ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সেহরির পরে ঘুমন্ত পিতা আ. খালেক মোল্লাকে (৬৫) দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে লিটন মোল্লা (৩৫)। এ ঘটনায় ঘাতক ছেলে লিটন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) ভোররাতে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের খামখেয়ালী বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক ও ঘাতক ছেলে লিটন মোল্লা উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের খামখেয়ালী বাজার এলাকার বাসিন্দা।
জানা যায়, বেশ কিছুদিন যাবত ছেলে বাবাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। হুমকি দেয়ার বিষয়টি খালেক মোল্লা জানার পর পালিয়ে থাকতেন। শনিবার ভোর রাতে সেহেরি খেয়ে ঘুমানোর পর বাবা খালেক মোল্লাকে একা পেয়ে ছেলে লিটন মোল্লা দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
পরে সকালে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় অভিযান চালিয়ে ঘাতক ছেলে লিটন মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না বলেন, ঘাতক ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
