শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ছাত্রলীগ সভাপতির নামে ভাঙচুর লুটপাটের অভিযোগে মামলা

সখীপুরে ছাত্রলীগ সভাপতির নামে ভাঙচুর লুটপাটের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরিদুজ্জামানের নেতৃত্বে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি ক্লাবঘর ভাঙচুর, হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ভূয়াইদ বাজারে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই রাতেই আবদুল মান্নান শিকদার বাদী হয়ে ছাত্রলীগ নেতা ফরিদুজ্জামানসহ ১২ জনকে আসামি করে থানায় অভিযোগ করেছেন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভূয়াইদ বাজারে ‘আদানি ভূয়াইদ সবুজসেনা স্মৃতি সংঘে’র জমি নিয়ে ক্লাবের সদস্যদের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। প্রতিপক্ষের লোকেরা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওই ক্লাবের সভাপতি আবদুল মান্নান শিকদারকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। জীবনের নিরাপত্তা চেয়ে কয়েকদিন আগে আবদুল মান্নান শিকদার টাঙ্গাইল আদালতে মামলা করে। এ খবরে ক্ষিপ্ত হয়ে বুধবার রাতে মান্নানের দুই সহোদর ভূয়াইদ বাজার বণিক সমিতির সভাপতি বারেক শিকদার ও শফিক শিকদারের দোকানে ছাত্রলীগ নেতা ফরিদুজ্জামানের নেতৃত্বে ১০/১২ জন মিলে হামলা চালায়। এ সময় নির্মাণাধীন ক্লাবঘরটিও ভাঙচুর করা হয়। হামলায় বণিক সমিতির সভাপতি বারেক শিকদার, ক্লাবের সাধারণ সম্পাদক স্কুল শিক্ষক মোহাম্দ আলী ও ক্লাব সদস্য লাবু মিয়া আহত হলে তাদের সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

আবদুল মান্নান শিকদার বলেন, ‘আমার ভাইয়েদের দোকান ও ক্লাব ভাঙচুর, লুটপাটের হামলাকারী ছাত্রলীগ নেতা ফরিদুজ্জামান কাকড়াজান ইউনিয়নের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুতের ভাগ্নে। অন্যরা চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী। তারা দোকানের টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।’

অভিযুক্ত ছাত্রলীগের সভাপতি ফরিদুজ্জামান বলেন, ‘আমি ঘটনার সঙ্গে জড়িত নই। তবে হামলা ও ভাঙচুর ফেরানোর চেষ্টা করেছি।’

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহীন আলী বলেন, ‘ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular