রবিবার, এপ্রিল ১২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে শিক্ষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

সখীপুরে শিক্ষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক:  টাঙ্গাইলের সখীপুরে বিদ্যালয়ের খেলার মাঠ নিয়ে বিরোধে প্রধান শিক্ষকসহ ২১ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছে বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে শিক্ষার্থীরা সখীপুর-বহেড়াতৈল সড়ক অবরোধ করে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এর আগে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

জানা যায়, মামলায় ওই বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ উদ্দিন, সাবেক সভাপতি ও বহেড়াতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহপ্রচার সম্পাদক নজরুল ইসলাম নবু, সহকারী প্রধান শিক্ষক আতোয়ার রহমান ও সহকারী শিক্ষক ওসমান গনিকেও আসামি করা হয়।

সম্প্রতি স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বন বিভাগের সঙ্গে একটি মামলায় জয়ী হয়ে বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি নিজের দখলে নেন। পরে তিনি মাঠের ভেতরে ঘরও নির্মাণ করেন।

গত ২৯ আগস্ট এলাকাবাসী ও শিক্ষার্থীরা মাঠ ফিরে পেতে মানববন্ধন করতে চাইলে নুরুল ইসলাম এবং তার লোকজন বাধা দেয়। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা মাঠের ভেতরের স্থাপনা ভেঙে দিয়ে মাঠটি নিজেদের দখলে নেয়। এতে উভয় পক্ষের ১৬ জন আহত হয়।

এ ঘটনায় নুরুল ইসলাম গতকাল ৪ সেপ্টেম্বর টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সখীপুর আমলি আদালতে মামলা করেন। মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুর রহমানসহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

এ মামলাকে মিথ্যা দাবি করে  সোমবার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। তারা মামলাটি প্রত্যাহারের দাবি জানায়। ওই বিদ্যালয়ের শিক্ষার্থী শবনম আজমী, হাবীবা, সানজিদা, দীপাও তানজীবা জানায়, ওই মাঠে আমরা সব সময় খেলাধুলা করি। মাঠ নিয়ে বিরোধের কারণে আমাদের স্যারের নামে মামলা করা হয়েছে। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই।

এ বিষয়ে জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন মামলা চলার পর আদালত ওই জমি আমাদের বুঝিয়ে দিয়েছেন। কিন্তু এলাকার কিছু দুষ্কৃতকারী হামলা চালিয়ে দুটি স্থাপনা ভেঙে দিয়ে দখলে নিয়েছে। এ কারণে আমি পুনরায় আদালতে মামলা করেছি।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular