নিজস্ব প্রতিবেদক: পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, সারাদেশে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ এলাকায় স্থায়ী প্রকল্প গ্রহণ করা হবে। নদীর পানি কমলে ড্রেজিংয়ের বালি দিয়ে ভরাট করে যার যেখানে ঘর-বাড়ি ছিল সেখানেই তাদের ঘর-বাড়ি নির্মাণ করে দেয়া হবে।
তিনি বলেন, উপজেলার বেলটিয়া গ্রামে নদী ভাঙ্গণে ঘরবাড়ি হারা মানুষকে সরকারী উদ্যোগে পুর্নবাসন করা হবে।
বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের বেলটিয়ায় যমুুনা নদীর ভাঙণে ক্ষতিগ্রস্থ এলাকায় পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার গরীব দুঃখী ও অসহায় মানুষের পাশে আছেন সব সময়।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ হাছান ইমান খান সোহেল হাজারী, টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা, স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃৃন্দ।
এরআগে ভাঙন পরিপরিদর্শন শেষে উপমন্ত্রী ভাঙন কবলিত ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে নগদ ১০ হাজার টাকাসহ ত্রাণ সামগ্রী প্রদান করেন।
প্রসঙ্গত প্রকাশ, বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের দ্বিতীয় রক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ হতে না হতেই গেল কয়েক দিন আগে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বাঁধের ব্লক ভেঙে জেলার কালিহাতী উপজেলার বেলটিয়া এলাকার শতাধিক ঘড়বাড়ি যমুনা নদীতে বিলীন হয়ে যায়।
