ঢাকা প্রতিনিধি: দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি ডিম রপ্তানির সক্ষমতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ জন্য উন্নত মানের ডিম উৎপাদন, উৎপাদন খরচ কমানো এবং পোলট্রি খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর ফার্মগেটের তুলা ভবন মিলনায়তনে বিশ্ব ডিম দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, এ বছর প্রথমবারের মতো নাইজেরিয়ায় বাংলাদেশের হ্যাচিং ডিম রপ্তানি করা হয়েছে। এটি দেশের জন্য ইতিবাচক অর্জন। মানসম্মত পণ্য উৎপাদন করা গেলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি ডিম রপ্তানির সুযোগও বাড়বে।
পোলট্রি খাতের উৎপাদন খরচ কমানোর ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ খাতে উৎপাদন ব্যয় কমাতে ফিডের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসা জরুরি। একই সঙ্গে ফিডে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
ডিমের পুষ্টিগুণ তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কম খরচে ডিম থেকে প্রোটিন পাওয়া যায়। এটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় একটি করে ডিম রাখা স্বাস্থ্যের জন্য উপকারী।
প্রতিমন্ত্রী আরও বলেন, পোলট্রি খাতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। তাঁদের উদ্যোগ প্রান্তিক পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার বিষয়ে তিনি বলেন, বাড়ির আঙিনায় হাঁস-মুরগি পালনে নারীদের উৎসাহিত করা গেলে তাঁরা ডিম উৎপাদনের পাশাপাশি আয় করার সুযোগ পাবেন। এতে প্রান্তিক পর্যায়ে নারীদের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে। আগামী দিনে নারী উদ্যোক্তার সংখ্যা বাড়ানোর বিষয়েও সরকার কাজ করবে।
পোলট্রি খামারে বিদ্যুতের ব্যয় কমাতে সৌরবিদ্যুৎ প্রকল্পের আওতায় খামারগুলোকে আনার বিষয়ে সরকারের সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
এর আগে বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে র্যালি ও বিনামূল্যে ডিম বিতরণ করা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তর, ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে। এবারের প্রতিপাদ্য ছিল ‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের আহ্বায়ক মসিউর রহমান এবং ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল হক।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অনুবিভাগের অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ মোহাঃ রেজাউল আমিন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানসহ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোলট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ডা. বাপন দে।
