নতুন নির্দেশনা কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে স্কুলগুলোকে স্বাধীনতা দেওয়া হবে। কোনো কোনো স্কুলে ইতোমধ্যে ফোন রাখার জন্য বিশেষ তালাবদ্ধ পাউচ বা নিরাপদ লকারের ব্যবস্থা করা হয়েছে। আবার কিছু স্কুলে দিনের শুরুতে শিক্ষার্থীদের কাছ থেকে ফোন সংগ্রহ করা হয়। কোনো কোনো প্রতিষ্ঠানে পুরো ক্যাম্পাসেই ফোন ব্যবহার নিষিদ্ধ।
বিবিসি ব্রেকফাস্টকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী পাওয়েল বলেন, এ ধরনের নীতি পুরো স্কুলের সংস্কৃতিতে পরিবর্তন আনতে পারে। সরকার সব স্কুলেই এমন পরিবর্তন দেখতে চায়।ম্যানচেস্টারের বার্নেজ একাডেমি ফর বয়েজের প্রধান শিক্ষক কার্ল হ্যারিসন জানান, শিক্ষার্থীদের ফোন ব্যবহার বন্ধ করতে স্কুলটি মেটাল ডিটেক্টর ও বিশেষ ফোন পাউচের ব্যবস্থা করতে ২০ হাজার পাউন্ড ব্যয় করেছে।
তিনি বলেন, ফোন ব্যবহারের স্বাধীনতা হারানোর বিষয়ে কারও কারও আপত্তি থাকলেও ফোন তালাবদ্ধ করে রাখার ফলে স্কুলে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বেড়েছে।তার ভাষায়, ‘এখন শিক্ষার্থীরা ফোনে স্ক্রল করার পরিবর্তে একে অপরের সঙ্গে কথা বলতে পারে।’
তিনি আরও বলেন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ বেড়েছে। কারণ, মনোযোগ নষ্ট হওয়ার সুযোগ কমেছে। এর ফলে তাদের ফলাফলও ভালো হচ্ছে। ওয়েস্ট মিডল্যান্ডসের ব্রাউনহিলস অরমিস্টন একাডেমির মতো কিছু স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন রাখার জন্য বিশেষ তালাবদ্ধ পাউচ সরবরাহ করা হচ্ছে।
নতুন নীতি বাস্তবায়নে অতিরিক্ত অর্থায়নের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, স্কুলপ্রধানরা যেন নিজেদের প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে কার্যকর ব্যবস্থা নিতে পারেন, সেটিই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
