অনলাইন থেকে: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ‘আত্মহত্যা’ করার কথা জানিয়েছেন। তিনি বলেন, আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, গত সংসদ নির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদকে যেভাবে রাতের অন্ধকারে তাঁর বাসা থেকে সিএমএইচে নিয়ে গেছে, অনুরূপ কিছু করার জন্য আজ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ওবায়দুল কাদের সাহেব, ওনার স্ত্রীর প্ররোচনায়। এটা অত্যন্ত দুঃখজনক।
আমি দেশবাসীকে জানিয়ে দিচ্ছি, এ ধরনের ঘটনা ঘটলে আমি সঙ্গে সঙ্গে আত্মহত্যা করব। আমার ওপর যদি কিছু ঘটাতে আসেন, আমি বলে দিচ্ছি আমি আত্মহত্যা করব। আমি কোনো অসত্যের কাছে মাথা নত করব না। মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১১টায় বসুরহাট পৌরসভায় তার নিজ কার্যালয়ে বসে ব্যক্তিগত ফেসবুক আইডিতে লাইভে আসেন তিনি।
সেসময় কাদের মির্জা বলেন, ‘এখনও এখানে পুলিশি তাণ্ডব চলছে। আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে আমাকে চারদিকে ঘেরাও করে রাখা হয়েছে। আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, গত সংসদ নির্বাচনে যেভাবে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রধান হুসেইন মুহম্মদ এরশাদকে রাতের অন্ধকারে তার বাসা থেকে জোর করে তুলে নিয়ে সিএমএইচ-এ অসুস্থ বলে ভর্তি করা হয়েছিল। আমার বিষয়েও সে ধরনের একটা ষড়যন্ত্র চলছে। এটা অত্যন্ত দুঃখজনক।’
তিনি বলেন, ‘আমি দেশবাসী ও জনগণকে জানাচ্ছি এ ধরনের ঘটনা ঘটলে আমি সাথে সাথেই আত্মহত্যা করবো। এটা করছেন ওবায়দুল কাদের, তার স্ত্রীর প্ররোচনায়। আমি কোনও অপশক্তির কাছে মাথা নত করবো না। মেরে ফেলবেন, জেলে দেবেন, লাঞ্ছিত করবেন, আর কি বাকী আছে।’
তিনি আরও বলেন, ‘সত্যবচনের পর অনেকেই আমার কাছ থেকে দূরে সরে গেছে। সব শিয়ালের এক ডাক। ঢাকা থেকে এখান পর্যন্ত (কোম্পানীগঞ্জ) একই অবস্থা। বিএনপির জনপ্রিয় নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর কৌশুলী, ৭২-এ সংবিধান রচনায় ড. কামালের সহযোগী ছিলেন। এ মহান নেতার মৃত্যুতে আমি নাগরিক শোক সভার আয়োজন করেছিলাম। প্রশাসন তা বন্ধ করে দিয়েছিল।’
