শুক্রবার, মে ৮, ২০২৬
Homeদেশের খবরচীন থেকে ২০ হাজার এন-৯৫ মাস্ক আনলেন গাজীপুরের মেয়র

চীন থেকে ২০ হাজার এন-৯৫ মাস্ক আনলেন গাজীপুরের মেয়র

নিউজ টাঙ্গাইল ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমিত রোগী ধরা পড়ার পর থেকে ভাইরাসটি মোকাবিলায় নানা ধরণের সৃজনশীল কাজ করে দেশব্যাপী প্রশসংসা কুঁড়িয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম। চিকিৎসকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই), মাস্ক এবং গ্ল্যাভসসহ নানা পণ্য নিজ অর্থ খরচ করে বিদেশ থেকে এনেছেন তিনি।

আজ রবিবারও চীন থেকে ২০ হাজার এন-৯৫ মাস্ক এবং ১৫ হাজার পিপিই এবং পাঁচ হাজার থার্মোমিটার এনেছেন মেয়র জাহাঙ্গীর। মাস্ক, পিপিই এবং থার্মোমিটার নিয়ে চীন থেকে একটি বিশেষ বিমান ভোর সাড়ে পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে গাজীপুর ইতিমধ্যে হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। ফলে নাগরিক ও চিকিৎসকদের সুরক্ষা দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন গাজীপুরের মেয়র। সম্প্রতি গাজীপুরের ১০ টি হোটেল ও রিসোর্ট চিকিৎসকদের জন্য বরাদ্দ করেছেন মেয়র। এসব তিনি নিজের অর্থে করছেন বলে জানা গেছে।

এদিকে সারাদেশে যখন এন-৯৫ মাস্কের চরম সংকট চলছে, তখন ২০ হাজার মাস্ক এনেছেন মেয়র জাহাঙ্গীর। এসব মাস্ক গাজীপুর ছাড়াও দেশের অন্যান্য এলাকার চিকিৎসকদের দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আজ সকাল সাড়ে পাঁচটায় মেয়র নিজে উপস্থিত হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এসব মাস্ক গ্রহন করেছেন। মাস্ক ছাড়াও পিপিই এবং থার্মোমিটার এবং অন্যান্য সুরক্ষা সামগ্রী আনা হয়েছে চীন থেকে। চীন থেকে মাস্ক আনা হয়েছে-এই সংবাদ শোনার পরই অনেক চিকিৎসক গাজীপুর সিটি করপোরেশনে যোগাযোগ করছেন বলে জানা গেছে।

হাবিবুর রহমান নামে গাজীপুরের এক চিকিৎসক বলেন, ‘করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়ে ডাক্তাররা অনেক বেশি ঝুঁকিতে রয়েছেন। এরপরও দেশের এই সংকটে আমরা চিকিৎসা অব্যাহত রেখেছি। দেশের অনেক স্থানে ইতিমধ্যে চিকিৎসকরা করোনায় আক্রান্ত হয়েছেন।

গাজীপুরের মেয়র চিকিৎসকদের পিপিই দিয়েছেন। রিসোর্টে রেখে হাসপাতালে চিকিৎসা করানোর ঘোষণাও দিয়েছেন তিনি। এটি অনেক বড় একটি উদ্যোগ। এন-৯৫ মাস্ক আসার সংবাদ শোনতে পেয়ে আমাদের সঙ্গে গাজীপুরের বাইরের চিকিৎসকরাও যোগাযোগ করছেন।’

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘মাস্ক ও পিপিই সংকটের কারণে চিকিৎসকরা ভয়ে আছেন। করোনা সংকট থেকে উত্তোরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সব ধরণের কাজ করছেন। আমরা চেষ্টা করছি প্রধানমন্ত্রীর নির্দেশমতো কাজ করতে। আমি ২০ হাজার এন-৯৫ মাস্ক, ১৫ হাজার পিপিই এবং ৫ হাজার থার্মোমিটার এনেছি। প্রয়োজন হলে আরো মাস্ক আমি আনবো চিকিৎসকদের জন্য।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular