বুধবার, জুন ২৪, ২০২৬
Homeদেশের খবরগাজীপুরে জ্বর নিয়ে তরুণের মৃত্যু, বাড়ির সবাই কোয়ারেন্টিনে

গাজীপুরে জ্বর নিয়ে তরুণের মৃত্যু, বাড়ির সবাই কোয়ারেন্টিনে

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক প্যারামেডিকেল শিক্ষার্থী জ্বর নিয়ে মারা গেছেন; যিনি ‘২২ দিন আগে’ নারায়ণগঞ্জ থেকে বাড়ি এসেছিলেন।

২৫ বছর বয়সী এই তরুণ উপজেলার উলুসারা গ্রামের বাসিন্দা। মঙ্গলবার মধ্যরাতে বুকে ব্যথা শুরুর কিছুক্ষণ পর তিনি মারা যান বলে পরিবার জানিয়েছে।

অতিরিক্ত সতর্কতা হিসেব নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তরুণের বাড়ির সবাইকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

তরুণের বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ছেলে ঢাকায় একটি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটে প্যারামেডিকেল কোর্সের শেষ বর্ষের ছাত্র ছিলেন। সম্প্রতি ইন্টর্নশিপ করতে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে মেডিকেল অ্যাসিস্টেন্ট হিসেবে যোগ দেন।

“সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ২২ দিন আগে ছেলে বাড়ি আসে। এরপর থেকে বাড়িতেই ছিল। মঙ্গলবার বিকেলে স্থানীয় একটি মাঠে ফুটবলও খেলে। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে ছিল সে। রাত ১২টার দিকে তার বুকে ব্যথা ওঠে। কিন্তু চিকিৎসকের কাছে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।”

তার শ্বাসকষ্ট বা করোনাভাইরাসের কোনো লক্ষণ ছিল না বলে তিনি মনে করেন।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সালাম প্রাথমিক তদন্তের পর বলেন, শ্বাসকষ্ট না থাকলেও ওই তরুণের ঠাণ্ডা-জ্বর ছিল। এজন্য তিনি ওষুধও খেয়েছেন। এ কারণে ওই তরুণ ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে। দাফনও বিশ্বস্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী করা হবে।”

খবর পেয়ে প্রশাসন ওই বাড়িতে লাল পতাকা টাংঙিয়ে দিয়েছে অন্যদের সতর্ক করার জন্য।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমত আরা বলেন, ওই তরুণ করোনাভাইরাসে আক্রান্ত কি না তা নিশ্চিত না হলেও অতিরিক্ত সতর্কতা হিসেবে আপাতত ওই বাড়িতে লাল পতাকা টাঙানো হয়েছে। আর পরিবারের সদস্যদের হোম কোয়রেন্টিনে থাকার নির্দেশ দেওয় হয়েছে।

কোভিড-১৯ (করোনাভাইরাসে আক্রান্ত) রোগী বাড়তে থাকায় পুরো নারায়ণগঞ্জ জেলাজুড়ে ‘সম্পূর্ণ লকডাউন’ ঘোষণা করা হয়েছে। এই জেলা থেকে কেউ এখন আর বের হতে পারবেন না, কেউ যেতেও পারবেন না। জেলার বাসিন্দাদের থাকতে হবে ঘরের ভেতরে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম রোগী পাওয়া গিয়েছিল নারায়ণগঞ্জেই; এখন ঢাকার পর নারায়ণগঞ্জেই রোগীর সংখ্যা বেশি। দেশে এখন পর্যন্ত যে ১৭ জন কোভিড-১৯ রোগী মারা গেছে, তার চারজন নারায়ণগঞ্জের।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular