ঘাটাইল প্রতিনিধিঃটাঙ্গাইলে নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব দিতে না পারায় সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল সোমবার (২৫ জুলাই) বিকালে টাঙ্গাইল জেলা দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আবদুল লতিফ হাওলাদার বাদী হয়ে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন।
মামলায় ঘাটাইল উপজেলার সাবেক সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুব আনোয়ার ও তার স্ত্রী মাহমুদা খাতুনকে আসামি করা হয়েছে। তারা জামালপুর সদরের বাড়ীঘাগুড়ি গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের একটি অভিযোগ থেকে দুদক জানতে পারে মাহবুব আনোয়ার তার আয়ের তুলনায় বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তার সম্পদ অনুসন্ধানের জন্য গত ১২ এপ্রিল দুদক প্রধান কার্যালয় থেকে একটি আদেশ দেওয়া হয়।
১৯ এপ্রিল দুদক সমন্বিত জেলা কার্যালয় থেকে চিঠির মাধ্যমে মাহবুব আনোয়ারের নামে তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়দেনা, আয়ের উৎস ও অর্জনের বিস্তারিত তথ্য ২১ কার্যদিবসের মধ্যে সমন্বিত জেলা কার্যালয়ে দাখিলের আদেশ দেওয়া হয়।
দুদকের কোর্ট সহকারী মজিবর রহমান তাদের স্থায়ী ঠিকানায় গিয়ে ফরম ও সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করেন। ২০ এপ্রিল মাহবুব আনোয়ার ও তার স্ত্রী মাহমুদা খাতুন সম্পদ বিবরণের দাখিলের ফরম গ্রহণ করেন। কিন্তু তারা সম্পদ দাখিল বিবরণের সময় বৃদ্ধির কোনও আবেদন করেননি।
নির্ধারিত সময় ২৫ মে’র মধ্যে তারা কমিশনের আদেশ মোতাবেক সম্পদ বিবরণ দাখিল করেননি। ফলে দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪-এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
মামলার বাদী টাঙ্গাইল জেলা দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আবদুল লতিফ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।