নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে আ.লীগ নেতা ও বন কর্মকর্তার যোগসাজশে বন বিভাগের জমি স্ট্যাম্পে লিখে বিক্রি করার অভিযোগ ওঠেছে। পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম ও কচুয়া বিট কর্মকর্তা শ্রী রতন বাবুর নামে এ অভিযোগ পাওয়া যায়। এরই মধ্যে ওই জমিতে ঘর তুলে দখল নিয়েছে পৌর শহরের নূরুজ্জামান ও নুর আলম নামের দুই সহোদর। জমি দখলের বিষয়টি কচুয়া বিট ও বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তাকে বারবার জানানো হলেও তারা এখনো কোন ব্যবস্থা নেননি।
সরেজমিন মঙ্গলবার সকালে সরকারি মুজিব কলেজ মোড় এলাকায় গিয়ে ওই বিক্রিকৃত বন বিভাগের জমির ওপর কাঠ ও রাজ মিস্ত্রিদের ঘর নির্মাণের কাজ করতে দেখা গেছে। এ প্লট ছাড়াও ওই আ.লীগ নেতার বিরুদ্ধে টাকার বিনিময়ে একাধিক ব্যক্তিকে বনের জমি দখল করিয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে।
জমি ক্রেতা নূর আলম বলেন, সালাম মামার সহযোগিতায় রেজাউল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে টাকার বিনিময়ে স্ট্যাম্পে লিখে এবং বিট কর্মকর্তাকে ম্যানেজ করেই এখানে ঘর দেওয়া হচ্ছে।
এ বিষয়ে আ.লীগ নেতা আব্দুস সালাম বলেন, স্থানীয় বন কর্মকর্তা আর মিডিয়া ম্যানেজ করেই ওই জমিতে ঘর দেওয়া হচ্ছে।
কচুয়া বিট কর্মকর্তা শ্রী রতন বাবু বলেন,বন বিভাগের জমি দখল কারীদের বিরুদ্ধে মামলা বন আইনে মামলা প্রক্রিয়াধীন।
এ ব্যপারে বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এইচএম এরশাদ বলেন, জমি দখলকারীদের বিরুদ্ধে স্থানীয় বিট কর্মকর্তাকে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।
