সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে জনগুরুত্ব সম্পন্ন এই সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে মানুষ

ঘাটাইলে জনগুরুত্ব সম্পন্ন এই সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে মানুষ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নবগঠিত সংগ্রামপুর ইউনিয়ন ও বৃহত্তর রসুলপুর ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে যাওয়া বংশাই নদী। এ নদীর উপর দুটি ইউনিয়নের সংযোগস্থল পেচার আটা নামকস্থানে বাঁশের সাঁকো দিয়ে প্রতিনিয়ত পারাপার হচ্ছে নারী-পুরুষ, বৃদ্ধ ও স্কুলগামী শিক্ষার্থীরা। এলাকাবাসির দীর্ঘ দিনের দাবি থাকলেও স্বাধীনতার ৪৮ বছরেও এখানে একটি ব্রীজ নির্মিত হয়নি। ফলে জনগুরুত্ব সম্পন্ন এই সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে ৮/১০টি গ্রামের মানুষ।

স্থানীয়রা জানায়, এখানে একটি ব্রিজ নির্মিত হলে একদিকে এই এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদে আসা যাওয়া করতে পারবে। অপরদিকে পাল্টে যাবে পুর্ব ও পশ্চিমপাড়ের প্রায় ১০টি গ্রামের মানুষের জীবনচিত্র। উপজেলার ৪টি ইউনিয়নের কাজলা, শড়াবাড়ি, পেচারআটা, ঘোনার দেউলী, রামখালি, হাজীপুর, আঙ্গারখোলা, মানিকপুর, ছনখোলা, বিলদুবলাই গ্রামের মানুষ চলাচল করে এই সাঁকো দিয়েই। নদীর পুর্ব পাড়ে রসুলপুর ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন সাব সেন্টার গড়ে উঠায় সাঁকো পার হয়ে গর্ভবতী মহিলা ও বৃদ্ধাকে ঝুকি নিয়ে চিকিৎসা সেবা নিতে হচ্ছে।

উপজেলার রসুলপুর ইউনিয়নের সত্তোরোর্ধ বৃদ্ধা হাজেরা বিবি জানান, ছোট বেলায় আমার পারকি গ্রামে বিয়ে হয়েছে। বাবা-মা বেঁচে থাকতে বছরে ২/৩ বার বাবার বাড়িতে বেড়াতে যেতাম ডিঙ্গি নৌকা দিয়ে নদী পাড় হয়ে। ভাই-বোন, ভাতিজারা নিতে আসলেও বয়সের ভারে এই সাঁকো পার হয়ে এখন যেতে সাহস পাই না। স্থানীয় জলিল মিয়া টিনিউজকে জানান, এই এলাকা দিয়ে প্রবাহিত বংশাই নদীর উপর সেতু নির্মাণের দাবি অনেক আগে থেকেই। আগে ছোট-ছোট ডিঙ্গি নৌকা দিয়ে এই এলাকার মানুষ চলাচল করতো। হাজীপুর গ্রামের হেলাল মিয়া বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে এলাকার মানুষকে অনেক ভোগান্তি পোহাতে হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় বাঁশ কিনে এনে সবাই মিলে সাঁকোটি তৈরি করা হয়।

এ ব্যাপারে রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন সরকার বলেন, আঙ্গার খোলা ও পেচার আটা বাজারের সংযোগ সড়ক এটি। এ সড়কে ব্রিজের টেন্ডার প্রক্রিয়াধীন। আশা করি আগামী শুল্ক মৌসুমে ব্রিজের কাজ শুরু হয়ে যাবে। এখানে ব্রিজটি খুবই জনগুরুত্বপুর্ণ। আগে তো সকলেই এই সাঁকো দিয়েই যাতায়াত করতো। এখন তো পোড়াবাড়ী থেকে গারোবাজার সড়কে একটি ব্রিজ হওয়াতে কিছু লোক ওখান দিয়ে যাতায়াত করে। আর এ ব্রিজটি হয়ে গেলে এলাকার মানুষের অনেক সুবিধা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular