ঘাটাইল প্রতিনিধি:টাঙ্গাইলের ঘাটাইলে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভায় আগত নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন। পকেট কমিটি আখ্যা দেয়া বিএনপির কমিটি বিরোধী নেতাকর্মীরা আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে দুইজন।
জানা যায়, ঘাটাইল উত্তরপাড়া এলাকায় নবগঠিত ওই দুই ইউনিটের আহবায়ক কমিটির পরিচিতি সভা আহবান করেন উপজেলা কমিটির আহবায়ক সিরাজুল হক সানা। এ সময় সভায় আগত নেতাকর্মীদের ওপর হামলা করে আহবায়ক কমিটি বিরোধীরা। হামলায় সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক পারভেজ মিয়া (৩৩) ও পারভেজ হোসেন (৩৯) নামে দুইজন আহত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল হক সানা বলেন, বাহিরে হাউকাউ শুনেছি, হামলা হয়েছে কিনা জানিনা। আমরা সভা করেছি।
আহবায়ক কমিটি বিরোধী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা বলেন, আহবায়ক কমিটিতে ত্যাগী ও কারা নির্যাতিত নেতাকর্মীরা উপেক্ষিত হয়েছেন। নাম রাখা হয়নি সাবেক মন্ত্রী আজাদ সহ অনেক জৈষ্ঠ্য নেতার। পকেট কমিটি দিয়ে ঘাটাইল বিএনপি চলতে পারেনা। দলকে ঐক্যবদ্ধ রাখতে নব গঠিত আহবায়ক কমিটি বাতিল নতুন কমিটি গঠন করতে হবে। এই কমিটির সঙ্গে একমত পোষণ না করায় আহবায়ক কমিটিতে নাম থাকা সত্বেও তারা আসেনি।
ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার বলেন, নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিবেশ স্বাভাবিক করেছে।
প্রসঙ্গত, ১২ মার্চ শনিবার রাতে ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করেন টাঙ্গাইল জেলা বিএনপির আহবায়ক কমিটি। সেই সময় থেকেই উত্তপ্ত ঘাটাইল বিএনপির রাজনীতি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
