ঘাটাইলে বয়সের অসংগতির কারণে ৫৫৭ জনের বয়স্কভাতা স্থগিত

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বয়সের অসংগতির কারণে ৫৫৭ জন বয়স্ক ভাতাভোগীর ভাতা স্থগিত করা হয়েছে। বয়স অনুপযোগী দেখিয়ে ভাতা বন্ধের তালিকায় গত ১১ ডিসেম্বর স্বাক্ষর করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

উপজেলা সমাজসেবা অফিস জানায়, সর্বশেষ তথ্য অনুযায়ী উপজেলার ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ১২ হাজার ৬৯৩ জন। ১৯৯৭-৯৮ অর্থ বছর থেকে বয়স্ক লোকদের জন্য এই ভাতা চালু করে সরকার।

চলতি বছর সমাজসেবা অধিদপ্তরের নির্দেশে এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) কার্যক্রম পরিচালনা শুরু করেছে উপজেলা সমাজসেবা অফিস। ২০১৮-১৯ অর্থ বছরে ৭২ টি উপজেলায় প্রথম এবং ২০১৯-২০২০ অর্থ বছর থেকে সারা দেশে একযোগে এ কার্যক্রম চালু হয়েছে। এ কাজে সহযোগিতা করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও সমাজকর্মীরা।

ইউনিয়ন পরিষদে কর্মরত উদ্যোক্তরা জানান, অনলাইনে সমাজসেবার সফটওয়্যার এর মাধ্যমে ভাতাভোগীর বই নং, জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে অনুসন্ধান করলে বের হয়ে আসে সব তথ্য। যদি কোনো ভাতাভোগীর বয়স ৬৫ বা ৬২ এর কম হয় তবে সফটওয়্যার তা ইনভেলিড দেখায়।

১৪ টি ইউনিয়নের মধ্যে রসুলপুর ইউনিয়ন এখনো কোনো তালিকা জমা দেয়নি। ১৩ টি ইউনিয়ন ও পৌরসভা মিলে বয়সের অনুপযোগী থাকায় ভাতা বন্ধ হয়ে গেছে ৫৫৭ জনের। বয়সের সবচেয়ে বেশি অসংগতি পৌরসভায় ৯৪ জন এবং সবচেয়ে কম সন্ধানপুর ইউনিয়নে ৮ জন। অন্যান্য ইউনিয়ন, দেউলাবাড়ি-২৯, জামুরিয়া-৫৩, ঘাটাইল-২৯, লোকেরপাড়া-৬০, আনেহলা-৮১, দিঘলকান্দি-৫৪, দিগড়-৩৭, দেওপাড়া-৩০, সংগ্রামপুর-১৪, ধলাপাড়া-৩৯, সাগরদিঘি-৯ এবং লক্ষিন্দর ইউনিয়নে ২০ জন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুল ইসলাম বলেন, ৫৫৭ জনের ভাতা কার্যক্রম স্থগিত আছে। এদের জায়গায় নীতিমালা অনুযায়ী অন্যদের প্রতিস্থাপন করা হবে। এখন আমাদের সব কাজ অনলাইনে হয়, তাই এ ধরনের কাজ আর হওয়ার সম্ভাবনা নেই। আমরা নির্বাচন অফিসের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছি।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর