নিজস্ব প্রতিনিধি, নিউজ টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ারে পরেশ সাধুর দহের ওপর সেতু না থাকায় দুই পাশের পাকা সড়ক কোনো কাজে আসছে না। একটি নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে তিন ইউনিয়নের কয়েক হাজার মানুষকে। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
উপজেলার নান্দুরিয়া চকবাজার ও পাথরাইলের টেঘুরি এলাকার মাঝখানে অবস্থিত পরেশ সাধুর দহ। গাদতলা থেকে টেঘুরি পর্যন্ত সড়কটি আটিয়া, দেলদুয়ার ও পাথরাইল ইউনিয়নের মানুষের যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ। সড়কের দুই পাশ পাকা হলেও দহের ওপর সেতু না থাকায় যানবাহন চলাচল করতে পারছে না।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন আগে গাদতলা-টেঘুরি সড়কটি পাকা করা হলেও সেতু নির্মাণ না করায় এর সুফল পাচ্ছেন না তাঁরা। জেলা সদরে যেতে বিকল্প পথে প্রায় ৩০ কিলোমিটার ঘুরতে হয়। এতে অতিরিক্ত প্রায় এক ঘণ্টা সময় ব্যয় হওয়ার পাশাপাশি বাড়তি খরচও গুনতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা এখানে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো উদ্যোগ দেখা যায়নি। দীর্ঘদিন ধরে তাঁদের এই দুর্ভোগ চললেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
নান্দুরিয়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিন আগে সড়কটি পাকা করা হলেও সেতু না থাকায় কোনো যানবাহন চলাচল করতে পারে না। জরুরি প্রয়োজনে কেউ কেউ ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে দহ পার হন। এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত সেতু নির্মাণের দাবি জানান তিনি।
জাঙ্গালিয়া গ্রামের সাগর মিয়া ও মুকুল হোসেন বলেন, নির্বাচনের আগে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে কেউ খোঁজ নেন না। বাধ্য হয়ে তাঁদের অনেক পথ ঘুরে যাতায়াত করতে হয়।
এ বিষয়ে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা যূথী জানান, তিনি বিভিন্ন মাধ্যমে বিষয়টি অবগত হয়েছেন। অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতা প্রয়োজন। এলাকাবাসীর দুর্ভোগ বিবেচনায় দ্রুত সেতু নির্মাণের প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
