নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ইত্তিহাদুল ফিকর মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার ঐতিহ্যবাহী নামদারপুর ফাজিল (স্নাতক) মাদ্রাসা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সখীপুর, ঘাটাইল ও ভালুকা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
পরীক্ষার পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরীক্ষা শেষে তাঁরা বলেন, এ ধরনের শিক্ষামূলক আয়োজন নিয়মিত করা প্রয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও উৎসাহিত হওয়ার পাশাপাশি নিজেদের মেধা বিকাশের সুযোগ পাবে।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন কোনাবাখাইল ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মিজানুর রহমান। পরীক্ষা শেষে তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন জাকির হোসাইন।
বৃত্তি পরিচালনা কমিটির আহ্বায়ক সৌরভ আহমেদ (জাহিদ) ও সদস্যসচিব বাইজিদ হোসেন বলেন, এমন একটি শিক্ষামূলক আয়োজন করতে পেরে তাঁরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
