মো. আবু শাহেদ, হাটহাজারী (চট্টগ্রাম) থেকে: চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত শিরু আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিরু আক্তার চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ২নং ধলই ইউনিয়ন ৮নং ওয়ার্ড মুনিয়া পুকুড় পাড় এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডা.আব্দুর রব। তিনি দৈনিক মানবজমিন কে বলেন, আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৫ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, গত (৮ মে) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন সূত্রে জানা যায় করোনায় আক্রান্ত হওয়া নারীটির বাসস্থানের কোন সন্ধান পায়নি হাটহাজারী উপজেলা প্রশাসন।
ওইদিন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমতিয়াজ দৈনিক মানবজমিন কে বলেন, গত ২৪ ঘণ্টায় ৩২ বছর বয়সী হাটহাজারীতে এক মহিলার শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। করোনা রোগ শনাক্ত হওয়ার পর মহিলাটি মোবাইল বন্ধ করে পালিয়ে যান। পরদিন অনেক খোঁজাখুঁজির পর প্রশাসন তাকে খোঁজে বের করে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন। এদিকে আজ চিকিৎসাধীন অবস্তায় করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রম নিয়ে তাঁর মৃত্যু হয়।
