প্রাণিসম্পদের টিকার শতভাগ উৎপাদন দেশেই করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিনিধি: প্রাণিসম্পদ খাতের টিকার চাহিদা শতভাগ দেশীয় উৎপাদনের মাধ্যমে পূরণের ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, দেশে সব ধরনের প্রয়োজনীয় টিকা উৎপাদন সম্ভব হলে আমদানিনির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। এ লক্ষ্য অর্জনে বিজ্ঞানী ও গবেষকদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করা, প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা এবং মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন বৃদ্ধি, উদ্যোক্তা সৃষ্টি এবং গবেষণালব্ধ ফলাফলের বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে।

বিএলআরআইয়ের বিজ্ঞানী ও কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। এ জন্য দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পাশাপাশি গবেষণার ফলাফল মাঠপর্যায়ে কাজে লাগাতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান নিয়ম ও আইন মেনে পরিচালিত হওয়া এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করা জরুরি। ‘সবার আগে বাংলাদেশ’ চেতনাকে ধারণ করে দেশের স্বার্থে সবাইকে কাজ করতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের চাহিদা পূরণের পর প্রাণিসম্পদজাত পণ্যের রপ্তানি বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। ইতিমধ্যে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি করা হয়েছে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং প্রাণী ও মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সরকার গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে ‘ওয়ান হেলথ’ ধারণা গুরুত্বপূর্ণ।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল বলেন, মানুষের পুষ্টিচাহিদা পূরণ, প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি এবং আমদানিনির্ভরতা কমাতে দীর্ঘমেয়াদি ও বাস্তবসম্মত গবেষণা প্রকল্প গ্রহণ করতে হবে। জাতীয় অগ্রাধিকার নির্ধারণের মাধ্যমে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ বিএলআরআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী বিএলআরআইয়ের ক্যাটল ও ভেড়া গবেষণা খামার এবং সাভারে অবস্থিত কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন করেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর