মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে আ.লীগ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নিজের ভাইসহ তিন বিদ্রোহী

টাঙ্গাইলে আ.লীগ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নিজের ভাইসহ তিন বিদ্রোহী

নিউজ ডেস্ক: টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আজহারুল ইসলাম। তিনি ইউপির বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাঁকে এবার মোকাবিলা করতে হচ্ছে নিজের ভাইসহ দলের তিন বিদ্রোহী প্রার্থীকে। এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থীও আছেন।

২৬ ডিসেম্বর মগড়া ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজহারুল ইসলামের ছোট ভাই মো. কামাল হোসাইন চশমা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সদর থানা আওয়ামী লীগের সদস্য। অপর দুই বিদ্রোহী প্রার্থী হলেন সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোতালিব হোসেন (আনারস প্রতীক) ও সদর উপজেলা যুবলীগের সহসভাপতি শফিকুল ইসলাম ওরফে বুলবুল (মোটরসাইকেল প্রতীক)। বিদ্রোহী প্রার্থী হওয়ায় এই তিনজনকেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয় পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল বাছেদ মণ্ডল।

আপন দুই ভাই ভোটযুদ্ধে নামায় এলাকায় বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। গতকাল বুধবার দুপুরে সরেজমিন মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজারে একটি চায়ের দোকানে কথা হয় কয়েকজন ভোটারের সঙ্গে। শফিকুল ইসলাম নামের এক ভোটার বলেন, ‘ক্ষমতার জন্য ভাই–ভাইয়ের মধ্যে যুদ্ধ হয়, আগে শুনছি। এবার নিজেই দেখতাছি।’

আওয়ামী লীগ প্রার্থী আজহারুল ইসলাম মনে করেন ভোটযুদ্ধে অংশ নিয়ে ভাইয়ের সঙ্গে সম্পর্কের অবনতি হবে না। তিনি বলেন, পরপর দুবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এলাকার মানুষের জন্য কাজ করেছেন। তাই এলাকার মানুষ ও দল তাঁকেই চেয়েছে। এ জন্যই এবারও প্রার্থী হয়েছেন।

আজহারুলের ছোট ভাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামাল হোসাইন বলেন, ‘গত নির্বাচনের সময় বড় ভাই মায়ের সামনে কথা দিয়েছিলেন, এবার চেয়ারম্যান পদে তিনি প্রার্থী না হয়ে আমাকে প্রার্থী করবেন। কিন্তু তিনি কথা রাখেননি। তাই মা ও অপর ছয় ভাই এবং বেশির ভাগ আত্মীয়স্বজন আমাকে সমর্থন দিয়েছেন।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular