টাঙ্গাইলে এক উপজেলাতেই ৫ কোটি টাকার নিষিদ্ধ গাইড বই বাণিজ্য!

নিউজ টাঙ্গাইল ডেস্ক:টাঙ্গাইলের ভূঞাপুরে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী বাধ্য হয়েছেন সরকার কর্তৃক নিষিদ্ধ গাইড বই কিনতে। আর এর বিপরীতে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে একটি অসাধু চক্রের বিরুদ্ধে।

প্রকাশ্যে গাইড বই বিক্রি ও শ্রেণীকক্ষে গাইড বই থেকে পাঠদান কার্যক্রম পরিচালিত হলেও নজরদারি নেই কর্তৃপক্ষের। অভিযোগের তীর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দিকে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক নেতার অভিযোগ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গাইড বই প্রকাশনী থেকে মোটা অংকের উৎকোচ গ্রহণ করে শিক্ষক সমিতিকে দিয়ে বাধ্য করেছেন গাইড বই থেকে পাঠদান করাতে। তবে গাইড বই বিক্রির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন।

উপজেলার ধুবলিয়া মোবারক মাহমুদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ুয়া মিতুর বাবা একজন ভ্যানচালক। তার আয় থেকেই কোন রকমে সংসার চলছে। মিতু ৬ষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে অধ্যয়ন করলেও বাধ্যতামূলক গাইড বই কেনার সামর্থ্য নেই তাদের। মিতুর মত নবম শ্রেণীর আরেক শিক্ষার্থী হাবিবা আক্তার লিজার বাবাও একজন ভ্যানচালক। লিজার তিনবোন। এরমধ্যে দুই বোন পড়াশুনা করে। তাদের পড়াশুনা চালানোর খরচ বহন করতে ধার-দেনা করতে হয় তার বাবাকে। এই অবস্থায় স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন প্রতিভার পক্ষ থেকে ওই দুই শিক্ষার্থীকে গাইড বই কিনে দেয়া হয়েছে। শুধু ওই দুই শিক্ষার্থীই নয় উপজেলার সকল শিক্ষার্থী গাইড বই কিনতে বাধ্য হয়েছে। প্রকাশ্যে গাইড বিক্রি হলেও জানেন না স্থানীয় প্রশাসন।

এবছর উপজেলায় মাধ্যমিক শিক্ষক সমিতি থেকে অনুপম প্রকাশনী ও গ্রামারের জন্য অক্সফোর্ড এবং মাদরাসা সমিতি লেকচার পাবলিকেশনের গাইড বই নির্ধারণ করেছে। এরপর প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান ওই দুইটি পাবলিকেশনের গাইড কিনতে অলিখিতভাবে নির্দেশনা দেয়া হয়েছে। এতে ৬ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থীর গাইড কিনতে খরচ হচ্ছে ১২৪০ টাকা, সপ্তম শ্রেণীর ১৩০০ টাকা, ৮ম শ্রেণীর ১৭০০ টাকা ও নবম শ্রেণী ৩৫০০ টাকা। ফলে মাধ্যমিক ও মাদরাসার ১৮,৪৪২ জন শিক্ষার্থীর কাছে প্রায় ৫ কোটি টাকার নিম্নমানের গাইড বই বিক্রি করে হাতিয়ে নেয়া হয়েছে প্রায় ৫ কোটি টাকা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ হতে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ১৫ হাজার ১৩২ জন ও মাদরাসায় ৩ হাজার ৩১০ জন। অভিযোগ উঠেছে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক সমিতিকে মোটা অঙ্কের টাকা দিয়ে গাইডগুলো বাজারজাত করছে লেকচার ও অনুপম পাবলিকেশন।

এবিষয়ে অভিযোগ করে ভারই গ্রামের আবুল কাশেম নামের এক অভিভাবক জানান, ভ্যান চালিয়ে দুই মেয়েকে স্কুলে পড়িয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছি। এরমধ্যে বিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনায় অনেক টাকার মুল্যের গাইড বই কিনতে হবে। সংসার চালাবো নাকি মেয়ের পড়াশুনার জন্য গাইড কিনবো।

ধুবলিয়া গ্রামের আব্দুল হামিদ নামের আরেকজন অভিভাবক জানান, গাইড বই সরকার নিষিদ্ধ করেছে কিন্তু বাধ্য হয়ে কিনতে হচ্ছে। বিদ্যালয়ের সব শিক্ষার্থীরা গাইড ক্রয় করছে।

উপজেলার একটি কোচিং সেন্টারের শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, শিক্ষার্থীরা যেসব গাইড ক্রয় করছে সেগুলোর কাগজের মান নিম্নমানের। এছাড়া গাইডে অনেক ধরনের ভুল উত্তর দেয়া রয়েছে সেগুলো মূল পাঠ্য বইয়ের সাথে মিল নেই।

উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক কাজী জহুরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী গাইড ক্রয় করছে। এতে শিক্ষক সমিতি থেকে নির্দিষ্ট কোন গাইড নির্ধারণ করা হয়নি।

উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি আব্দুছ সোবহান জানান, শুধু লেকচার গাইড নয় অন্য কোম্পানীর গাইডও ক্রয় করছে শিক্ষার্থীরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, নোট গাইড বই বিক্রি ও বাজারজাত নিষিদ্ধ সারাদেশেই। উপজেলায় যদি গাইড বিক্রি ও বাজারজাত করা হয় তথ্য পেলে আইনগত ব্যবস্থাসহ উধ্বর্তন কর্মকর্তাদের বরাবর লিখিতভাবে জানানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন বলেন, গাইড বই বিক্রি নিষিদ্ধ। যদি গাইড বই বিক্রির খবর পাই তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর