সোমবার, মে ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলা টাঙ্গাইলে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হচ্ছে

 টাঙ্গাইলে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হচ্ছে

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ  টাঙ্গাইলে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হচ্ছে। প্রতিটি ঘরেই কারও না কারও মাঝে করোনার রয়েছে উপসর্গ। গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ২৭৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫১ দশমিক ১০ শতাংশ।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, চলতি মাসের এই ৭ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬১৭ জন। আর মৃত্যু হয়েছে ৩১ জনের। এছাড়া উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩২ জনের। যদিও গত জুন মাসে জেলায় ২ হাজার ৯২৮ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন আর মৃত্যু হয়েছিল ২৬ জনের।

টাঙ্গাইলে ব্যাপক হারে শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বিশেষ করে গত কয়েকদিন ধরে গ্রামে বেড়েছে আক্রান্ত এবং উপসর্গের সংখ্যা। প্রায়ই প্রতিটি ঘরে ঘরে এ রোগের লক্ষণ জ্বর- ঠান্ডা এবং কাশির দেখা দিয়েছে। প্রতিদিন নতুন নতুন আক্রান্তের সাথে সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এর ফলে করোনাভাইরাস পরিস্থিতি ক্রমেই অবনতি ও জটিল হচ্ছে। হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ায় কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।

জেলা সিভিল সার্জন আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বলেন, “গত ১ মাস ধরে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। বর্তমানে প্রায় ৭০ থেকে ৮০ ভাগ মানুষ ডেল্টা ধরনে আক্রান্ত। এই ধরন খুব দ্রুতই একজনের কাছ থেকে আরেকজনের মাঝে ছড়ায়। যার কারণে জেলায় দ্রুতই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই এখনই সবাইকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।”

তিনি আরও বলেন, “গ্রামে কিংবা শহরে আক্রান্ত জটিল রোগীদেরকে হাসপাতালে ভর্তি হতে বলা হয়েছে। এ ছাড়া বাড়িতে চিকিৎসা নেয়া সাধারণ রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকরা মোবাইল ফোনের মাধ্যমে পরামর্শ ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular