টাঙ্গাইলে চিকিৎসা শেষে বাড়ী ফেরা হলো না ২ বন্ধুর, কাভার্ডভ্যান কেড়ে নেয় প্রাণ

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা শেষে বাড়ী ফেরার পথে টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত এক কাভার্ড ভ্যানের পিষ্টে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধৃ সেতু মহাসড়কের জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন, উপ‌জেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বল্লভবাড়ী এলাকার আশরাফের ছে‌লে জহিরুল ইসলাম (২৫), ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দী গ্রামের আব্দুল মজিদের ছেলে সবুজ (৩০)। আহত আরেক আরোহী হলেন, একই এলাকার আব্দুল হালিমের ছেলে মো. সোহেল (১৮)।

নিহত দুই জনের ম‌ধ্যে জ‌হিরুল ঢাকায় মে‌ট্রো‌রে‌লে কাজ কর‌তো। তাৎক্ষণিক সবুজের বিষয়ে জানা যায়নি। আহত সোহেলকে স্থানীয়রা উদ্ধার করে পুলিশের সহযোগিতায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-প‌রিদর্শক (এসআই) মোকা‌ম্মেল হো‌সেন জানান, মোটরসাই‌কেল নি‌য়ে ওই দুই বন্ধু টাঙ্গাইল থে‌কে বা‌ড়ির দি‌কে যা‌চ্ছিল। পথিমধ্যে জোকারচর এলাকায় পৌঁছলে তা‌দের মোটরসাই‌কেল‌টির চাঁকা পিছ‌লে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে যায়।

তিনি আরও জানান, এসময় ঢাকাগামী অজ্ঞাত এক কাভার্ডভ্যানের সা‌থে ধাক্কা লেগে পিষ্ট হয়ে ঘটনাস্থ‌লে তারা মারা যায়। আহত হয় আরেক বন্ধু। আহত সোহেলকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় অজ্ঞাত কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়। এদিকে, আইনি প্রক্রিয়া শে‌ষে নিহতদের মর‌দেহ পরিবারের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর