নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে তীব্র দাবদাহ ও গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেশি ভোগান্তির শিকার হচ্ছেন খেটে-খাওয়া নিম্ন আয়ের মানুষ।
এদিকে, মঙ্গলবার দুপুরে কালিহাতী উপজেলার তালতলা গ্রামে হিটস্ট্রোকে মনছের আলী সরকার (৯৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার জানান, মঙ্গলবার সিংগুরিয়া বাজার থেকে পায়ে হেঁটে বাড়িতে আসলে দুপুরে দিকে প্রচন্ড গরমে অসুস্থতা বোধ করে। পরে হাসপাতালে নেওয়ার আগেই বাড়িতেই তার মৃত্যু হয়। মনছের আলী স্থানীয় আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী এবং সামাজিক মানুষ ছিলেন।
অপরদিকে, বিকাল ৩ টায় টাঙ্গাইলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
সরেজমিনে টাঙ্গাইল শহরের নিরালামোড়, পুরাতন বাসস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড ও উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গায় দেখা যায় মানুষ প্রচন্ড গরমে হাঁসফাঁস করেছে। বিশেষ করে বয়ষ্ক ও শিশুরা। রিকশা-ভান
চালকরা ঘেমে ক্লান্ত হয়ে পড়ছেন।
এছাড়াও ফ্যানের দোকানগুলোয় বেড়েছে ভীড়। অনেকে আবার রাস্তায় বরফ লেবু এক গ্লাস সরবত খেয়ে তৃষ্ণা নিবারণ করার চেষ্টাা করছে। তবে তুলনামূলকভাবে রাস্তায় জন সাধারণের সংখ্যা কম। কিন্তু হাসপাতালগুলোয় বেড়েছে গরমজনিত রোগীর সংখ্যা।
টাঙ্গাইল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক জামাল উদ্দিন জানান, চলতি বছরের এ জেলায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ৩৫%। আগামী আরও দুই এক দিন দাবদাহ থাকার সম্ভবনা রয়েছে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম জানান, তীব্র তাপদাহে সাধারণ মানুষ একেবারে নাকাল। কোমলমতী শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে আগামী ২ মে বৃহস্পতিবার পর্যন্ত জেলা সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া বাসা-বাড়ি থেকে না বের হওয়াই ভাল।
