নিউজ ডেস্ক: ‘উদ্যমী নারী, সমৃদ্ধ টাঙ্গাইল’ স্লোগান সামনে রেখে টাঙ্গাইলের বিসিক শিল্পনগরীতে সেমিনার ও সনদ বিতরণ অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) টাঙ্গাইল জেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
গত শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বিসিক জেলা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ। সভাপতিত্ব করেন বিসিক আঞ্চলিক কার্যালয়, ঢাকার পরিচালক মানছুরুল করিম।
প্রধান অতিথি বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, ‘দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তাদের ভূমিকা প্রশংসনীয়। তাঁদের পথচলা মসৃণ করতে বিসিক থেকে নীতিগত ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এসব সুবিধা আরও উদ্যোক্তাবান্ধব ও সহজলভ্য করা হবে।
তিনি জানান, চলতি নভেম্বর মাসে বিসিক জেলা কার্যালয়, টাঙ্গাইল থেকে ২৭ জন উদ্যোক্তার মাঝে ৭০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১৫ জন নারী উদ্যোক্তাকে ৫ শতাংশ সুদে ৫১ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। পাশাপাশি জামানতবিহীন ঋণের সীমা ২ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকায় উন্নীত করার পরিকল্পনা নিচ্ছে বিসিক।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিসিক টাঙ্গাইলের সহকারী মহাব্যবস্থাপক মো. মেরাজ উদ্দিন। তিনি বলেন, ‘জেলার নারী উদ্যোক্তাদের সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যেই এ আয়োজন।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. কানিজ মরিয়ম আক্তার।
বিশেষ অতিথি ছিলেন বিসিক ঢাকার দক্ষতা ও প্রযুক্তি বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, বিপণন বিভাগের মহাব্যবস্থাপক শেফালী খাতুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, নাসিবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহ-সভাপতি স্বপন ঘোষ এবং বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন।
সেমিনারে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা থেকে ১০০ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তা অংশ নেন এবং মুক্ত আলোচনায় নিজেদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে অক্টোবর-নভেম্বর মাসে বিসিক থেকে প্রশিক্ষণ নেওয়া ৮১ জন উদ্যোক্তার মাঝে সনদ বিতরণ করা হয়।
