নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী থেকে নিখোঁজের ৪৫দিন পর মোশারফ হোসেন নামের এক প্রবাসী যুবকের বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কালিহাতী থানা পুলিশ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বীল বাসিন্দা ইউনিয়নের গজারির বিল থেকে টাঙ্গাইল ফায়াস সার্ভিসের ডুবুড়ি দলের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মোশারফ হোসেন ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের নয়াবাড়ী গ্রামের মো: সেকান্দার আলীর ছেলে।
জানাযায়, আজ সকালে স্থানীয় কয়েকজন জেলে গজারিয়া বিলে মাছ ধরার উদ্দেশ্যে জাল টান দেয়। এসময় জালে পায়ের মোজাসহ মানুষের পায়ের গোড়ালির হাড় দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানায়। পরে স্থানীয় লোকজনের সন্দেহ হলে কালিহাতী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে খবর দিলে দুপুরে ডুবুরী দল এসে গজারিয়া বিল থেকে প্রবাসী মোশারফ মিয়ার বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
- কালিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগষ্ট ঘাটাইলের কদমতলী গরুর হাট থেকে ফেরার পথে রাত ৯টার দিকে নিখোঁজ হয় প্রবাসী মোশারফ হোসেন। পরের দিন তার পরিবার ঘাটাইল থানায় জিডি করলে পুলিশ তার কললিস্টের সূত্র ধরে প্রতিবেশি সৌদি প্রবাসী ইসমাইল হোসেনের স্ত্রী ও কালিহাতী উপজেলার বীর বাসিন্ধা গ্রামের মৃত মেসের আলী মন্ডলের মেয়ে নাসিমাকে গত ১৬ আগষ্ট রাতে আটক করে পুলিশ । প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিনের পরকিয়ার কথা স্বীকার করেন তিনি। তিনি আরো বলেন, গত ৪ আগস্ট মোশারফের সাথে দেখা ও ভাই আখতারের পরিকল্পনায় এবং সহায়তায় কালিহাতী উপজেলার বীরবাসিন্দা এলাকায় খুন করে বস্তায় ভরে ইট বেঁধে ওই গ্রামের গজারিয়া বিলে ডুবিয়ে রাখে। পরে নাসিমাকে গত ১৭ আগস্ট আদালতে প্রেরণ করে কালিহাতী থানা পুলিশ।
মামলার অন্যতম আসামী আখতার মুন্সি পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি ।
