নিউজ টাঙ্গাইল ডেস্কঃ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিহাতি উপজেলায় বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধলাঢেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজাউল করিম জানান, সকালে উত্তরবঙ্গ থেকে একটি যাত্রীবাহী বাস কালিহাতি উপজেলার ধলাঢেংগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের ও পার্শ্বরাস্তা থেকে আসা একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন আরও ৩ জন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
রেজাউল করিম বলেন, আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
