বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeবিবিধটাঙ্গাইলে যমুনা নদীর পানি বিপদসীমার ৩৪ সেন্টিমিটার উপরে!

টাঙ্গাইলে যমুনা নদীর পানি বিপদসীমার ৩৪ সেন্টিমিটার উপরে!

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ উজানের ঢল ও ভারি বর্ষণের ফলে গেল ২৪ ঘন্টায় টাঙ্গাইলে যমুনা নদীর পানি ৮ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও পানি বৃদ্ধির ফলে বিপৎসীমার উপর দিয়ে বইছে যমুনার শাখা নদী ধলেশ্বরী, লৌহজং, বংশাই ও ঝিনাই নদীর পানি।

রোববার (২৯ আগস্ট) বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, পানি বৃদ্ধির ফলে যমুনার অর্ধশতাধিক চরাঞ্চলসহ টাঙ্গাইল সদর, নাগরপুর, কালিহাতী, ভূঞাপুর ও বাসাইল উপজেলার নিম্নাঞ্চলে বন্যার পানি প্রবেশ করে নতুন নতুন গ্রাম বন্যার কবলে পড়ছে। সেই সাথে বিভিন্ন এলকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। ভাঙনের ফলে টাঙ্গাইল সদর, কালিহাতী, ভূঞাপুর ও বাসাইলের বেশ কয়েকটি ইউনিয়নের শতাধিক বসতভিটা, মসজিদ, বাঁধসহ নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকলেও ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে কোন ব্যবস্থা না নেয়ার অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে।

এদিকে নদী তীরবর্তী এলকায় ঘরবাড়ি প্লাবিত হওয়ায় অনেকেই গবাদিপশুসহ উঁচু সড়কে আশ্রয় নিয়েছেন। বসতভিটায় পানি উঠায় বন্যা দুর্গতরা
বিশুদ্ধ পানি ও খাবার সংকটের মধ্যে পড়েছেন। তবে এখন পর্যন্ত সরকারি বেসরকারি কোন সহযোগীতা পাননি বলে অভিযোগ বানবাসিদের।  অন্যদিকে বন্যা দীর্ঘস্থায়ী হলে আমনের ক্ষতি হবার শঙ্কা করছেন কৃষি বিভাগ।

কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদার বলেন, চলতি বন্যায় আমার ইউনিয়নের আলীপুরসহ আশে পাশের এলাকায় দুই শতাধিক ঘরবাড়ি যমুনায় বিলীন হয়েছে। এছাড়াও শত শত ঘরবাড়ি হুমকির মুখে রয়েছে। ভাঙন অব্যাহত রয়েছে। যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় কয়েক গ্রাম নতুন প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular