নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের পর টাঙ্গাইলে শুরু হয়েছে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম। এর অংশ হিসেবে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করেছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে তিনি হাসপাতালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে অংশ নেন। পাশাপাশি পানি জমে থাকা স্থান পরিষ্কার এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের কার্যক্রমেও অংশ নেন তিনি।
এর আগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময়। এ সময়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসাসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখলে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।
এ সময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আব্দুল কুদ্দুছ, জেনারেল হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমানসহ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
