শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখীপুরের নাছির লাশ হয়ে ফিরলেন সৌদি থেকে, বাবাকে না দেখেই বড় হচ্ছে...

সখীপুরের নাছির লাশ হয়ে ফিরলেন সৌদি থেকে, বাবাকে না দেখেই বড় হচ্ছে ৭ মাসের যমজ সন্তান

নিজস্ব প্রতিনিধি- সাত মাস বয়সী যমজ সন্তান আদনান ও নুসাইবা। জন্মের পর বাবাকে তারা দেখেছে শুধু মোবাইল ফোনের পর্দায়। সন্তানদের একবারও কোলে নেওয়ার সুযোগ হলো না বাবা নাছির হোসেনের (২৫)। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে অবশেষে লাশ হয়ে ফিরলেন টাঙ্গাইলের সখীপুরের এই প্রবাসী।

নাছির হোসেন সখীপুর উপজেলার কুতুবপুর আদর্শ গ্রামের বাসিন্দা। গত ৫ জুলাই সৌদি আরবে সড়ক নির্মাণকাজের সময় রোড রোলারের চাপায় তিনি নিহত হন। প্রায় ছয় বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন নাছির।

প্রায় দুই মাস পর গত ১০ সেপ্টেম্বর রাত ১০টার পর নাছিরের মরদেহ বাড়িতে পৌঁছায়। রাত ১১টার পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নাছিরের বাবা শফিকুল ইসলাম বলেন, অনেক কষ্ট করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন পরিবারের সুখের আশায়। কিন্তু সেই ছেলেকেই শেষ পর্যন্ত লাশ হয়ে বাড়ি ফিরতে হলো।

বাবার মুখের স্মৃতি এখনো তৈরি হয়নি আদনান ও নুসাইবার। বাবাকে কাছে পাওয়ার আগেই তাকে হারিয়েছে সাত মাসের দুই শিশু।

RELATED ARTICLES

Most Popular