নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে ৮৮ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার দুপুরে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বাঁশজানা জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- কুমিল্লার দেবীদ্বার থানার রসুলপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. মামুন মিয়া (২৮), ঝালকাঠির রাজাপুর থানার রাজাপুর বাকরি বাজার এলাকার আব্দুল আজিজের ছেলে মো. রিয়াদ (৩৭), বরিশালের গৌরনদী থানার কমলাপুর গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে মো. রুবেল হোসেন (২৭)।
সোমবার সকালে সংবাদ সম্মেলনে র্যাব-১২ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম বলেন, ঢাকা থেকে প্রাইভেটকার যোগে বিপুল পরিমাণ গাঁজা প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নগর জলফৈ বাইপাস এলাকায় চেক পোস্ট বসিয়ে প্রত্যেকটি যানবাহন চেক করতে থাকে র্যাব সদস্যরা।
এসময় একটি কালো রঙের প্রাইভেটকার আমাদের সিগনাল না মানলে আমরা ওই প্রাইভেটকারকে ফলো করতে থাকি ও মোবাইল নম্বর ট্যাকিং করে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বাঁশজানা জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৮৮ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার, ৫টি মোবাইল ফোন ও নগদ ২,৪৬৫ টাকা উদ্ধার করা হয়। ৮৮ কেজি গাঁজার মূল্য আনুমানিক ১১ লাখ ৪৪ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
