“তামাক কর ও কোম্পানির হস্তক্ষেপ” বিষয়ক -গবেষণা ফলাফল

নিউজ টাঙ্গাইল ডেস্ক: তামাক নিয়ন্ত্রণে কার্যরত সংগঠন এবং রাষ্ট্রের কল্যাণ প্রত্যাশী নীতি নির্ধারক ও জনপ্রতিনিধিরা দীর্ঘদিন যাবত তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধির দাবী জানিয়ে আসলেও প্রতিবছর তামাক কোম্পানীগুলো তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধি প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতে গ্রহণ করে নানা কৌশল। সম্প্রতি ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট “তামাক কর ও কোম্পানির হস্তক্ষেপ” বিষয়ক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট ও বাংলাদেশ তামাক বিরোধী জোট ও দি ইউনিয়ন যৌথভাবে এ গবেষণা পরিচালনা করে।

২০২০-২১ অর্থবছরের বাজেটে ধোঁয়াযুক্ত ও ধোঁয়াবিহীন তামাকজাত পন্যের মূল্য ও শুল্ক অল্প বৃদ্ধি করা হয়েছে যদিও তা মুদ্রাস্ফীতি ও জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধির সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। তারপরও তামাকজাত পন্য উতপাদনকারী সংস্থাগুলো বিভিন্ন উপায়ে এই বর্ধিত মূল্য ও কর প্রত্যাহার করার জন্য ধারাবাহিকভাবে চাপ প্রয়োগ করে আসছে। ২০২০ সালে সরকার কর্তৃক তামাকের উপর বর্ধিত কর তুলে নেয়ার জন্য এখন পর্যন্ত তামাক কোম্পানী কর্তৃক প্রভাব বিস্তারের সর্বমোট ৯টি ক্ষেত্রের তথ্য সংগ্রহ করা গেছে।

গবেষণার ফলাফলে বলা হয়েছে, সরকারের কয়েকজন সাংসদ দাবি করেছেন ২০২০-২১ অর্থবছরের বাজেটে বিড়ির উপর যে কর ধার্য করা হয়েছে সেটি অনেক বেশী এবং সে তুলনায় সিগারেটের উপর সেভাবে কর বৃদ্ধি করা হয়নি। তারা এই বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে অর্থমন্ত্রনালয়ে চিঠি পাঠিয়েছেন। কিছু বিড়ি কোম্পানি সরকারি সংশ্লিষ্ট দপ্তর হতে ব্যান্ডরোল ক্রয় না করে দেশের চোরাচালানি চক্রের কাছ থেকে নাম মাত্র মূল্যে নকল ব্যান্ডরোল ক্রয় করে বিড়ির প্যাকেটে লাগিয়ে বৎসরে কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে। বিগত কয়েক বছরের ন্যায় এবারও বাজেট ঘোষনার কিছুদিন আগে থেকে তামাক কোম্পানিগুলোর দ্বারা অবৈধভাবে সিগারেট গুদামজাত ও বাজারে কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বৃদ্ধি করার প্রবনতা লক্ষ্য করা গেছে। ২০২০-২১ বাজেট ঘোষণার পর তামাক কোম্পানি কর্তৃক বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের সপক্ষে প্রচার প্রচারণা ছিল চোখে পড়ার মত। এমনকি সরকার তামাকের কর ও মূল্য নির্ধারণ করার পরেও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো তাদের সুপারিশকৃত একটি মূল্য তালিকা পেশ করে। তাছাড়া বর্তমান সময়ে ফেসবুক ও ইউটিউবে তামাকের মূল্য কমানোর লক্ষ্যে অসংখ্য ছোট ছোট ভিডিও দেখা যাচ্ছে। বিড়ি শ্রমিকরা ‘বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন’র ব্যানারে ২০২০-২১ বাজেটে বিড়ির উপর বৈষম্যমূলক শুল্ক বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এর সামনে মানববন্ধন করে এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর বিড়িতে শুল্ক কমানোসহ ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে।

গবেষণা প্রতিবেদনে পরিস্থিতির উন্নয়নে বেশকিছু সুপারিশ করা হয়েছে। সুপারিশগুলো হলো: দীর্ঘমেয়াদী ও যুগোপযোগী কর কাঠামো প্রনয়ন করা; তামাক কোম্পানিগুলো যে যে ক্ষেত্রে হস্তক্ষেপ করছে সেগুলো চিহ্নিত করে সরকার কর্তৃক দ্রুত পদক্ষেপ গ্রহন করা; স্ট্যান্ডার্ড প্যাকেজিং সিস্টেম চালু করা এবং এক্ষেত্রে ডিজিটাল বারকোড ব্যবহার করা।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর